মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত দুই বন্ধু
ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধু নিহত হয়েছেন। আজ বুধবার (২০ মে) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ঋত্বিক সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ও আশিক একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকার একটি মোড় ঘোরার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ঋত্বিকের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে দ্রুত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই আশিকেরও মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও