দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৪
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। আজ সোমবার (১৫ জুন) সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বরিশাল থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সংবাদপত্রবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সংবাদপত্রবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাকের চালক প্রাণ হারান।
দুর্ঘটনায় আহত চারজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
মস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট বায়েজিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পরে ক্ষতিগ্রস্ত ট্রাক দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ট্রাক দুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর