মাদারীপুরের ২৫ গ্রামের ৩০ হাজার মানুষের ঈদ উদযাপন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেছেন মাদারীপুরের ২৫ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ।
বৈরী আবাহাওয়া কারণে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পরিবর্তে আজ বুধবার (২৭ মে) বেলা ১১টায় স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। জামাত পড়ান চরকালিকাপুর ফরাজীবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান।
ঈদের জামাত শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করে নেন মুসল্লিরা।
সুরেশ্বর দরবার শরিফের প্রতিষ্ঠাতা হযরত জান শরিফ শাহ্ সুরেশ্বরীর (রহ.)-এর অনুসারীরা প্রায় ১২৮ বছর আগ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুরের চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, বাহেরচর, চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুর, দৌলতপুর, হোসনাবাদ, রঘুরামপুর, কেরানীরবাট, রমজানপুর, কয়ারিয়া, রামারপুল, সাহেবরামপুর, আণ্ডারচর, খাসেরহাটসহ জেলার ২৫টি গ্রামের কয়েক হাজার মানুষ ঈদ উৎসব পালন করছেন।
স্থানীয় বাসিন্দা ও সুরেশ্বর দরবার শরিফের মুরিদ সাগর দেওয়ান জানান, পূর্ব পুরুষদের প্রথা অনুসারে এই ঈদ উৎসব পালন করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বছরে দুটি ঈদ ও রোজা পালন করা হয়। এতে অংশ নেন সুরেশ্বর দরবার শরিফের মুরিদরা।

এম. আর. মুর্তজা, মাদারীপুর