মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০
মাদারীপুরের কালকিনি উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বাসের চালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার গোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস সকালে কালকিনির গোপালপুর এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘আই ট্রাভেল পরিবহণ’ এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লোকাল বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি বাসেরই সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। এতে চালকসহ অন্তত ২০ জন যাত্রী কম-বেশি আহত হন।
দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, এই গুরুতর আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
এদিকে মহাসড়কের ওপর এই দুর্ঘটনার কারণে রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
মস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট বায়েজিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটিকে রেকার দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে বর্তমানে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর