পাঁচ মিনিটের ব্যবধানে ২ গরু ব্যবসায়ীর মৃত্যু
রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে গতকাল মঙ্গলবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ (২৭ মে) বুধবার সকালে একই সঙ্গে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
নিহত দুই গরু ব্যবসায়ী হলেন কালুখালী উপজেলার ভবানীপুর গ্রামের মো. রিয়াজ শেখ (৪৮) ও মো. কলম কাজী (৩৮)। এর আগে এই দুর্ঘটনায় আমিন বাকাউল (৫০) নামে আরও এক গরু ব্যবসায়ী নিহত হন।
পরিবার জানায়, গত ২১ মে রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ওই রাতে তিন গরু ব্যবসায়ী একটি মোটরসাইকেলে করে কালুখালী থেকে বাংলাদেশ হাটের দিকে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে আসা মামুন পরিবহণের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে তারা গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই আমিন বাকাউলের মৃত্যু হয়।
এরপর আহত রিয়াজ শেখ ও কলম কাজীকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে পাঁচ মিনিটের ব্যবধানে তাদের মৃত্যু হয়।
আজ সকালে তাদের নিজ এলাকায় জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, স্বজন, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পরে তাদের মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায় নেমে এসেছে।
স্থানীয়রা মহাসড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে।
এ বিষয়ে বোয়ালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার শিশির কুমার শিকদার বলেন, বিষয়টি খুবই বেদনাদায়ক। নিহত তিনজনই গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং আর্থিকভাবে অসচ্ছল ছিলেন। ঋণ নিয়ে তারা গরুর ব্যবসা করতেন। তিনি নিহত পরিবারগুলোর জন্য সরকারি আর্থিক সহায়তার দাবি জানান।

মো. কবির হোসেন, রাজবাড়ী