শহীদ জিয়ার আদর্শে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শহীদ জিয়ার কথা যদি আমাদের স্মরণ করতে হয়, তাহলে শহীদ জিয়ার আদর্শ ও তার জীবন অনুসরণ করতে হবে বলে নেতকর্মীদের স্মরণ করিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ শনিবার (৩০ মে) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা বাসস্ট্যান্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এতিম ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আজকের দিনে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী আমাদের স্মরণ করিয়ে দেয়, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি—এ সব কিছুর কর্ণধার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যিনি তৎকালীন সময়ে যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করতেন, আপামর জনতাকে মুক্তিযুদ্ধে সংঘটিত না করতেন—তাহলে বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীন পতাকা, সার্বভৌমত্ব, গণতন্ত্র কোথায় থাকত সেটা আমরা জানি না। সুতরাং আজকের দিনে আমরা সশ্রদ্ধ চিত্তে তাকে স্মরণ করি। অল্প সময়ে তিনি বিপুল উন্নয়নের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুনাম অর্জন করেছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা নিজেরা যদি অসৎ থাকি, নিজেরা যদি চুরি-বাটপারি, চাঁদাবাজির মধ্যে লিপ্ত থাকি, মানুষকে যদি ঠকানোর চিন্তা করি—তাহলে আমরা শহীদ জিয়ার আদর্শে দীক্ষিত হতে পারব না। আজকে যেন আমরা নিজেদের সংশোধন করি। এই মৃত্যুবার্ষিকীতে যেন আমাদের প্রতিজ্ঞা হয়, আমরা যেন জিয়ার সৈনিক হিসেবে নিজেদের পরিশুদ্ধ করতে পারি। একজন সুনাগরিক হিসেবে দেশের মানুষের সেবা করতে পারি। শহীদ জিয়ার আদর্শকে আমরা যেন বাস্তবায়ন করতে পারি—এই জায়গাটায় আমাদের সবাইকে মনোনিবেশ করতে হবে।
এরপর দোয়া মাহফিলে অংশ নেন প্রধান অতিথিরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনতা।
এর আগে দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপজেলার চর যশোরদি ইউনিয়নের চাঁদহাট এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এতিম ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন।

সঞ্জিব দাস, ফরিদপুর