এক মোটরসাইকেলে তিন খালাতো ভাই, ট্রাকচাপায় নিহত ২
ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। ছবি : এনটিভি
নাটোরের সিংড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। তাকে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহতদের বাড়ি সদর উপজেলার ইসলাবাড়ি গ্রামে। আহত সাইফুল ইসলামের বাড়ি নাটোর শহরের আলাইপুর মহল্লায়।
মাহাবুর রহমান বলেন, আজ ভোর সাড়ে ৫টার দিকে তিন খালাতো ভাই একটি মোটরসাইকেলে নাটোর থেকে বগুড়ায় যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রীজে বিপরীতমুখি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জীবন আলী (২৫) ও হীরা(২৪) নামে দুজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।

হালিম খান, নাটোর