পুকুরে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্য
রংপুরের পীরগাছায় বাড়ির পাশের পুকুরে ডুবে চাচাতো ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন চাচাতো-জ্যাঠাতো ভাইবোন। আজ শুক্রবার (৫ জুন) সকালে ঘটনা ঘটে।
একসঙ্গে বেড়ে ওঠা দুই শিশুর আকস্মিক বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছে না স্বজনরা। এই হৃদয়বিদারক ঘটনায় নিহতশিশুদের পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত শিশুরা হলো উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকার সজীব মিয়ার ছেলে রাজীব মিয়া (৬) এবং শাহজাহান মিয়ার মেয়ে সেনাতুল আক্তার (৪)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল ১০টার দিকে রাজীব ও সেনাতুল একসঙ্গে খেলাধুলা করার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও তাদের সন্ধান মিলছিল না। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে আঁতকে ওঠেন স্থানীয়রা। পরে দ্রুত তাদের উদ্ধার করে ওপরে তুলে আনে।
দুই সন্তানকে হারিয়ে তাদের মা-বাবা এখন নির্বাক।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, বাচ্চা দুটিকে প্রতিদিন চোখের সামনে হাসতে-খেলতে দেখতাম। আজ হঠাৎ পুকুরে ওদের এভাবে ভাসতে দেখে বুকটা কেঁপে উঠেছিল। পানি থেকে যখন তুললাম, ততক্ষণে সব শেষ। পুরো গ্রাম যেন এক নিমেষে স্তব্ধ হয়ে গেছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিশু দুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

সুজন মনোয়ার, রংপুর (কাউনিয়া-পীরগাছা)