ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
ময়মনসিংহের তিনকোনা পুকুরপাড় এলাকায় ঢাকাগামী ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ৫ ঘণ্টা পর দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-জামালপুর ও ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার (১০ জুন) সকাল পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, সকালে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের তিনকোনা পুকুরপাড় এলাকা অতিক্রম করার সময় হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর লাইনচ্যুত বগিসহ পেছনের পাঁচটি বগি ঘটনাস্থলেই আটকে পড়ে। তবে পাওয়ার কারসহ ট্রেনের সামনের অংশটি নিরাপদেই ময়মনসিংহ জংশন স্টেশনে পৌঁছায়।
রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই কেওয়াটখালী লোকোশেড থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৫ ঘণ্টার দীর্ঘ চেষ্টার পর দুপুর পৌনে ২টার দিকে দুর্ঘটনাকবলিত বগিটি লাইনে তোলা হলে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
ওসি আকতার হোসেন আরও জানান, মূল ট্রেনের বগিটি সফলভাবে উদ্ধারের পর রিলিফ ট্রেনটি জংশন স্টেশন এলাকায় ফিরে যাওয়ার সময় সেটিও আবার লাইনচ্যুত হয়। তবে রিলিফ ট্রেন লাইনচ্যুত হলেও জংশনের বিকল্প লাইন সচল থাকায় এই রুটের নিয়মিত ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না। বর্তমানে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

আইয়ুব আলী, ময়মনসিংহ