ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীসহ দুজন নিহত
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বালুবোঝাই ড্রাম ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার (১০ জুন) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি চালক আক্কাছ মিয়া (৩৮) ও অটোরিকশার যাত্রী মনোয়ারা বেগম (৭০)। আক্কাছ মিয়া উপজেলার বেঙ্গাডোবা এলাকার বাবু মিয়ার ছেলে ও মনোয়ারা বেগম একই এলাকার মৃত কামরুল হাসানের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকার একটি ব্রিজের ওপর যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা অপর একটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুবোঝাই ড্রাম ট্রাকের সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক আক্কাছ মিয়ার মৃত্যু হয়।
স্থানীয় লোকজন গুরুতর আহত তিন যাত্রীকে উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত অপর দুই যাত্রী তাকলিমা বেগম ও লিটন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনাকবলিত ড্রাম ট্রাক ও সিএনজিটি জব্দ করা হয়েছে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ করে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

মো. সেলিম মিয়া, হবিগঞ্জ