ছুটিতে দেশে এসে সিএনজি চাপায় রেমিট্যান্স যোদ্ধা নিহত
পরিবারের মুখে হাসি ফোটাতে সুদূর সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ২৬ বছর বয়সী তরুণ রাকিবুল হাসান রুবেল। মাত্র দেড় মাস আগেই ছুটিতে দেশে ফিরেছিলেন প্রিয়জনদের সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে। কিন্তু সেই ফেরা আর দীর্ঘ হলো না। চিরতরে বাড়ি ফেরার পথেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিল এই প্রবাসীর প্রাণ।
গতকাল রোববার (১৪ জুন) দুপুর ১টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার গাজীপুর-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর শ্মশানঘাট সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন রাকিবুল হাসান রুবেল।
নিহত রুবেল পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে। তিনি জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এক প্রবাসী বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন রুবেল। পথিমধ্যে মির্জাপুর শ্মশানঘাট এলাকায় বিপরীতমুখী আরেকটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে যান তিনি। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে আসা একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান।

মাহবুবুর রহমান, কিশোরগঞ্জ (বাজিতপুর-কটিয়াদি-নিকলী-পাকুন্দিয়া)