আর্জেন্টিনার ২০০০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে শোভাযাত্রা
প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার দুই হাজার ফুট দীর্ঘ পতাকা, শত শত মোটরসাইকেল, ব্যান্ড পার্টি এবং হাজারও সমর্থকের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে চুয়াডাঙ্গা শহর। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে আয়োজিত এই বর্ণাঢ্য শোভাযাত্রা পুরো শহরে সৃষ্টি করে এক আনন্দঘন পরিবেশ।
আজ মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৩টায় শহরের টাউন ফুটবল মাঠ থেকে আর্জেন্টিনার সমর্থকগোষ্ঠীর উদ্যোগে এ শোভাযাত্রা ও শোডাউন অনুষ্ঠিত হয়। আয়োজকদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল ফুটবলপ্রেমী এতে অংশ নেয়।
শোভাযাত্রাটি টাউন ফুটবল মাঠ থেকে শুরু হয়ে শহীদ হাসান চত্বর, কোর্টমোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়। এ সময় আকাশি-সাদা জার্সি পরিহিত সমর্থকদের হাতে ছিল আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও বিভিন্ন ধরনের সাজসজ্জার উপকরণ। পুরো আয়োজনে ছিল উৎসবের আমেজ।
শত শত সমর্থক হেঁটে পতাকাটি বহন করে। শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে শোভাযাত্রাটি আরও বর্ণিল হয়ে ওঠে। ব্যান্ড পার্টির তালে তালে নাচ-গান, উল্লাস এবং বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
বিশাল এই পতাকা ও মোটরসাইকেল শোভাযাত্রা দেখতে শহরের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ রাস্তায় ভিড় করে। অনেককে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করতে দেখা যায়।
সমর্থকরা জানায়, এই আয়োজনের উদ্দেশ্য শুধু প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন প্রকাশ নয়, বরং ফুটবলকে কেন্দ্র করে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের বার্তা ছড়িয়ে দেওয়া। তাদের বিশ্বাস, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা চলতি বিশ্বকাপেও শিরোপা জয় করবে।

মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা (সদর-আলমডাঙ্গা)