আলজেরিয়ার বিপক্ষে প্রথম গোলের পর যে কারণে কাঁদলেন মেসি
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জে’-এর উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে নিজের তিনটি গোলের প্রথমটি করার পর সর্বকালের সেরা লিওনেল মেসিকে কাঁদতে দেখা যায়। বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত এ ম্যাচে মেসি টুর্নামেন্টের ইতিহাসে নিজের প্রথম হ্যাটট্রিকটি করেন। একই সঙ্গে তিনি ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেন।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার অধিনায়ককে তার সেরা ফর্মে দেখে ভক্তরা উচ্ছ্বসিত হলেও প্রথম গোলের পর তার আবেগঘন প্রতিক্রিয়া অনেককে হতবাক করে দেয়।
ম্যাচ শেষে সম্প্রচারমাধ্যমে কথা বলার সময় মেসিকে তার কান্নার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। জবাবে ৩৮ বছর বয়সী এই তারকা জানান, আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে তিনি একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তিনি জানান, তার এই আবেগ প্রকাশের সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক ছিল না।
মেসি বলেন, এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক ছিল না, আমি কিছু কঠিন দিনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এটির সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই। আমি কিছু কঠিন ও জটিল দিনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম।
মেসি অবশ্য তার কঠিন দিনগুলোর অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলতে রাজি হননি। তবে এই দুঃসময়ে পাশে থাকার জন্য তিনি তার সতীর্থ এবং আর্জেন্টাইন প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি পুরো প্রতিনিধি দল এবং আমার সতীর্থদের কাছে কৃতজ্ঞ। আমি যেন ভালো থাকি, তা নিশ্চিত করতে তারা অনেক চেষ্টা করেছেন।’
মেসি নিজের পারফরম্যান্স নিয়ে বলেন, আমার জীবনে যা কিছু ঘটেছে, তার সবকিছুর মধ্য দিয়ে যেতে পেরে আমি খুব খুশি। এখন আমি যা অনুভব করছি, তা হলো সেরা অর্জন। এই চমৎকার দলটির জন্য আমি খুব খুশি ও কৃতজ্ঞ। আমি খুব উপভোগ করছি।
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শিরোপা রক্ষার অভিযান শুরু করেছে আর্জেন্টিনা।

এনটিভি অনলাইন ডেস্ক