আলজেরিয়া ম্যাচের আগে মেসিদের উদ্দেশে ডি মারিয়ার বার্তা
চার বছর আগেও ছিলেন দলের অংশ, এবার কেবলই দর্শক। দুই অভিজ্ঞতাই খুব কাছ থেকে জানা আনহেল ডি মারিয়ার। তাই বিশ্বকাপ অভিযান শুরুর আগে সতীর্থদের উদ্দেশে দিয়েছেন অনুপ্রেরণাদায়ক বার্তা।
২০২২ কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে আর্জেন্টিনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এরপর ২০২৪ কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে জাতীয় দলকে বিদায় জানান তিনি।
উত্তর আমেরিকা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে মঙ্গলবার ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলদের প্রতি সমর্থন জানিয়েছেন ডি মারিয়া।
পোস্টে তিনি লিখেছেন, ‘আজ এক নতুন স্বপ্নের সূচনা হচ্ছে। আমি মন থেকে বলতে চাই, শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে আছি।’
দলের বর্তমান খেলোয়াড়দের মানসিক অবস্থার সঙ্গে নিজের অভিজ্ঞতার মিল টেনে তিনি বলেন, ‘আমি জানি সেখানে থাকার অনুভূতি কেমন, একজন সাধারণ ভক্ত হওয়ার অনুভূতিটাও কেমন। আজ তোমাদের মনে যে আশা রয়েছে, একই আশা পুরো আর্জেন্টিনার মানুষেরও।’
আর্জেন্টিনার জার্সিতে প্রায় দেড়শ ম্যাচ খেলা এই তারকা শেষে দলের জন্য শুভকামনাও জানান, ‘তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। আমরা শেষ পর্যন্ত লড়ব। এগিয়ে যাও আর্জেন্টিনা।’

স্পোর্টস ডেস্ক