মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা
আর্জেন্টিনার চেয়ে শক্তি-সামর্থে অনেক পিছিয়ে আলজেরিয়া। শুরুতে মাঠের খেলায়ও স্পষ্ট হয় সেটি। শুরুর পাঁচ মিনিটে দারুণ আক্রমণ করে আর্জেন্টিনা। গোলও আদায় করে নিয়েছিল। তবে সেটি বাতিল হয় অফসাইডের কারণে। গোল পেতে অবশ্য দেরি হয়নি তাদের। ১০ মিনিট পর আবারও মেসির গোলেই এগিয়ে যায় আলজেরিয়া।
আজ বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা আর আলজেরিয়া। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা।
ম্যাচের পঞ্চম মিনিটেই আলজেরিয়ার জালে বল জড়িয়েছিলেন লিওনেল মেসি। তবে সেটি কাঁটা পড়ে অফসাইডের জালে। অষ্টম মিনিটে একই ভাগ্য বরণ করতে হয় আলজেরিয়াকেও। ফারেস শাইবি উদযাপনও করেছিলেন। কিন্তু ভিএআর-এ দেখা যায় অফসাইডে ছিলেন তিনি।
ম্যাচের ১৭তম মিনিটে রদ্রিগো ডি পলের অসাধারণ এক পাস ধরে আলজেরিয়ার রক্ষণভাগের ফাঁক গলে বল পেয়ে সামনে এগিয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক। কয়েকটি নিখুঁত টাচে জায়গা তৈরি করে ডান পায়ের দুর্দান্ত বাঁকানো শটে বল পাঠিয়ে দেন জালের ওপরের কোণে। গোলরক্ষক লুকা জিদান বল স্পর্শ করলেও তা জালে জড়ানো ঠেকাতে পারেননি।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের ১৪তম গোল করলেন ৩৮ বছর বয়সী মেসি। একই সঙ্গে টানা পাঁচটি বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়লেন তিনি। যা আরও একবার তার অসাধারণ ধারাবাহিকতার সাক্ষ্য দিল।

স্পোর্টস ডেস্ক