মাঠে নামার আগে আর্জেন্টিনাকে হুমকি দিয়ে রাখলেন আলজেরিয়া কোচ
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে আর্জেন্টিনা। কানসাস সিটিতে নিজেদের ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১২ বছর পর বিশ্বমঞ্চে ফেরা আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা পরিষ্কার ফেভারিট হলেও ম্যাচটি ঘিরে রোমাঞ্চের কমতি নেই। বিশেষ করে অধিনায়ক লিওনেল মেসি- র জন্য এটি হতে যাচ্ছে এক ঐতিহাসিক মাইলফলকের ম্যাচ।
তবে এই হাইভোল্টেজ লড়াইয়ের আগে আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেটকোভিচ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মেসিকে ঘিরে আলাদা কোনো পরিকল্পনা করছেন না তিনি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পেটকোভিচ বলেন, ‘আমি প্রতিটি খেলোয়াড় ও প্রতিপক্ষকে সম্মান করি। তবে আমাদের নিজেদের শক্তির ওপরও আমার ভরসা আছে। আমি কখনোই কোনো নির্দিষ্ট একজন খেলোয়াড়কে আটকানোর জন্য আলাদা পরিকল্পনা করি না, আগামীকালও করব না। একজন ব্যক্তির জন্য পুরো দলকে প্রস্তুত করা অর্থহীন।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে মেসির আশপাশের খেলোয়াড়দের পাসিং লাইন বন্ধ করা, যাতে তারা সহজে বল সরবরাহ করতে না পারে। বিশ্বমানের খেলোয়াড়দের জায়গা করে দিতে চাই না আমরা।’
আলজেরিয়া কোচ জানান, দলের জন্য নির্দিষ্ট কৌশল ঠিক করা আছে তার। তিনি বলেন, ‘আমাদের একটি স্পষ্ট পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বিকল্প পরিকল্পনাও তৈরি রাখা হয়েছে। আমরা ফেভারিট নই, তবে বিশ্বকাপে অঘটন ঘটতেই পারে- আমরাও একটা চমক দিতে চাই।’
আর্জেন্টিনা যেখানে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে, সেখানে আন্ডারডগ হিসেবেই লড়াইয়ে নামবে আলজেরিয়া। তবু কোচ পেটকোভিচের আত্মবিশ্বাস, দল হিসেবে খেলতে পারলে যেকোনো প্রতিপক্ষকেই চ্যালেঞ্জ জানানো সম্ভব।

স্পোর্টস ডেস্ক