‘অভিশাপ’ ঘোচানোর চ্যালেঞ্জ আর্জেন্টিনার সামনে
টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে আবারও মাঠে নামছে আর্জেন্টিনা। আজ বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বর্তমান চ্যাম্পিয়নদের নতুন অভিযান। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে আলবিসেলেস্তেরা।
২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স জাতীয় ফুটবল দল পরের আসরে ফাইনালে উঠলেও শিরোপা ধরে রাখতে পারেনি। সেই স্বপ্ন ভেঙে দেয় আর্জেন্টিনা। এবার আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল নিজেরাই নামছে একই মিশনে।
তবে ইতিহাস বলছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের শুরুটা কখনোই ভালো হয়নি আর্জেন্টিনার। ১৯৮২ ও ১৯৯০—দুই আসরেই উদ্বোধনী ম্যাচে হারের স্বাদ পেয়েছিল তারা।
১৯৭৮ সালে প্রথমবার শিরোপা জয়ের পরের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। আর ১৯৮৬ সালের চ্যাম্পিয়ন হয়ে ১৯৯০ বিশ্বকাপে উঠেছিল ফাইনালে, কিন্তু সেখানে পশ্চিম জার্মানির কাছে হেরে হাতছাড়া হয় টানা দ্বিতীয় শিরোপা।
১৯৮২ বিশ্বকাপে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রথম আসরেই বেলজিয়ামের কাছে উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। পরে হাঙ্গেরি ও এল সালভাদরকে হারিয়ে পরের রাউন্ডে উঠলেও ইতালি ও ব্রাজিলের কাছে হেরে বিদায় নিতে হয়।
১৯৯০ বিশ্বকাপেও একই চিত্র। সান সিরোতে প্রথম ম্যাচে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে শুরু করে আর্জেন্টিনা। পরে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ফাইনালে উঠলেও সেখানে পশ্চিম জার্মানির কাছে হেরে যায় তারা।
২০২২ সালে শিরোপা জয়ের পর এবার লিওনেল মেসির নেতৃত্বে নতুন মিশন শুরু হচ্ছে আর্জেন্টিনার। তবে উদ্বোধনী ম্যাচের হতাশার ইতিহাস কাটিয়ে ওঠাই এখন বড় চ্যালেঞ্জ।

স্পোর্টস ডেস্ক