ভোলার দৌলতখান উপজেলায় অস্ত্র ও গুলিসহ দুই সন্দেহভাজন ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।
রোববার দিবাগত মধ্যরাতে পরিচালিত এক অভিযানে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার চরপাতা ইউনিয়নের বাসিন্দা মো. জসিম হাওলাদার (৪৫) এবং চরখলিফা ইউনিয়নের মোহাম্মদ জসিম উদ্দিন (৫০)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দৌলতখান থানার চর নেয়ামতপুর সংলগ্ন এলাকায় একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড ভোলা বেইস সেখানে বিশেষ অভিযান চালায়।
অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ, এক রাউন্ড ফাঁকা কার্তুজ এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ডের ওই কর্মকর্তা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এএম/এসআর