নোয়াখালীর হাতিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সোহেল মাহমুদ (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার হরণী ইউনিয়নের সুবর্ণচর-চেয়ারম্যানঘাট সড়কের বয়ারচর মানিক কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল মাহমুদ চানন্দী ইউনিয়নের পশ্চিম শাখা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা সিরাজ উদ্দিনের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক ছিলেন।
চানন্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন শুভ জানান, মেঘনা নদীর ভাঙনের কারণে সোহেল মাহমুদের পরিবার বর্তমানে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ফরেস্ট সিরাজ এলাকায় বসবাস করছে। বুধবার সকালে তিনি মোটরসাইকেলে করে সেখান থেকে চানন্দী ইউনিয়নের নিজ গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে হরণী ইউনিয়নের বয়ারচর মানিক কাউন্টার এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে আহত হন। দুর্ঘটনায় তার পেট, হাত ও পায়ে আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথে দুপুর সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।
সোহেল মাহমুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ বা আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।”
এমআর/এসআর