সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় খাগড়াছড়ির রামগড়ে প্রথমবারের মতো ৪৫৬ জন উপকারভোগী পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেলে মৌলভীবাজার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশের ২০টি উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় খাগড়াছড়ির রামগড় উপজেলার ১ নম্বর ইউনিয়ন পরিষদের লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে উপকারভোগীরা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। প্রধানমন্ত্রী একযোগে ভার্চুয়াল মাধ্যমে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন।
রামগড়ে ফ্যামিলি কার্ড উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
তিনি বলেন, “সরকার নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। আজ হতদরিদ্র ও দুস্থ মানুষ মাসিক ভাতা পেয়েছেন। আগামীতে বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে এ কার্ড জেলার সব উপজেলায় পৌঁছে দেওয়া হবে এবং কার্ডের টাকার পরিমাণও বাড়ানো হবে।”
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা পুলিশ সুপার মোরতাজা আলী খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফসার, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্যাহ, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, সহকারী কমিশনার (ভূমি) দ্বিন আল জান্নাত, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূঁইয়াসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও উপকারভোগীরা।
কেএস/আরএন