জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্র আজ পরাশক্তির নানা চাপ ও নির্যাতনের মুখে রয়েছে। মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় ভোলার লালমোহন উপজেলার ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। দীর্ঘদিনের নানা সংকট ও ত্যাগের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। আশা করি, আগামী দিনে দেশের অর্থনৈতিক মুক্তির পথ আরও সুগম হবে।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা। দীর্ঘদিনের দুঃশাসনের অবসানে ছাত্র-জনতা ও রাজনৈতিক কর্মীদের ভূমিকা রয়েছে। এর ফলে মানুষের মধ্যে যে ভয় ও আতঙ্ক ছিল, তা অনেকটাই কেটে গেছে। একটি গণতান্ত্রিক সরকারই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম।”
এ সময় স্পিকার দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
ঈদের নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এএম/আরএন