মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, খবর নিয়ে জানতে পেরেছি—বিকেলে নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর রহমান ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাকে গুলি করে। রাত ৯টা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ৬ থেকে ৭ জনের একটি বাংলাদেশি চোরাকারবারী দল ভারতীয় চোরাকারবারীদের সহযোগিতায় চোরাচালানি মালামাল আনার উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।
সন্ধ্যা ৭টার দিকে ভারতের লখাইরচর এলাকায় লাঠিয়াপুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় চোরাকারবারীরা বিএসএফ সদস্যদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে বিএসএফ ২ থেকে ৩ রাউন্ড গুলি ছোড়ে। এতে মুজিব আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার পর অন্য চোরাকারবারীরা বাংলাদেশে ফিরে এসে আত্মগোপনে চলে যায়।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে মুজিব আলী নিহত হয়েছেন।
এসআর/আরএন