সাভারে ইয়াবাসহ আটক হওয়া এক ছাত্রদল নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আটক নেতা তাইসির খান (১৮) সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকায় অভিযান চালিয়ে তাইসির খানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বুধবার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাইসির খানের মাদক সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওতে তাকে অপর এক ব্যক্তির সঙ্গে মাদক সেবন করতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা সম্পর্কে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে ইয়াবাসহ আটক এবং মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতাদের নজরে আসে। পরে সাভার থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ মাসফি এবং সাধারণ সম্পাদক মাহাবুব সামিরের সিদ্ধান্তে তাইসির খানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।
এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বহিষ্কৃত নেতার সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পর্ক রাখা যাবে না। একই সঙ্গে দলের সব নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
ওএফ/এসআর