আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি শোভাযাত্রা
ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের পাল্টাপাল্টি শোভাযাত্রায় মুখর হয়ে উঠেছে বরিশাল নগরী। আজ শুক্রবার (১২ জুন) বিকেলে নগরীর বেলস পার্কে পৃথক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে জড়ো হন দুই দলের সমর্থকেরা।
নগরীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা করেন দুই দলের সমর্থকেরা। এ সময় আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি পরে প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। মোটরসাইকেলে নিজ নিজ দলের পতাকার পাশাপাশি জাতীয় পতাকা ও ব্যানার বহন করেন সমর্থকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকেরা পৃথকভাবে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাগুলো নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেলস পার্ক এলাকায় এসে শেষ হয়। এ সময় দুই দলের সমর্থকদের মধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করতে দেখা যায়।
সমর্থকেরা জানান, মূলত ফুটবলপ্রেম থেকেই তারা এমন আয়োজন করেছেন। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং সমর্থকদের একত্রিত করতেই এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
এদিকে শোভাযাত্রার কারণে নগরীর কিছু এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে রাস্তায় যাতায়াত করা সাধারণ মানুষকেও বেশ আগ্রহ নিয়ে এই ব্যতিক্রমী আয়োজন উপভোগ করতে দেখা গেছে।

আকতার ফারুক শাহিন, বরিশাল