স্কটল্যান্ডের কাছে বড় হারে সিরিজ শুরু করল বাংলাদেশ
ব্যাটিংয়ের ভুল শুধরাতে বোলিং আর ফিল্ডিং যেমন হওয়া প্রয়োজন ছিল, বাংলাদেশ তার ধারে কাছেও যেতে পারল না। বোলিংয়ে দেখা গেল না তেমন ধার, ফিল্ডিংয়েও ক্যাচ ফেলে দেওয়াসহ গাছাড়া ভাব ছিল স্পষ্ট। ফলাফল হিসেবে স্কটল্যান্ডের বিপক্ষে বড় হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। আজ শনিবার (৩০ মে) নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগ্রেসরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৫.৪ ওভারে ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় স্কটল্যান্ড।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই হাতখুলে খেলতে থাকেন স্কটল্যান্ডের দুই ওপেনার। পঞ্চম ওভারে বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন রিতু মনি। ঝড়ো ব্যাটিং করা ডারসি কার্টারকে (১৭ বলে ২৩) ফেরান তিনি।
এরপর বাংলাদেশকে দ্বিতীয় উইকেটের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে বেশ খানিকটা সময়। মাঝের সময়টাতে বাংলাদেশকে হতাশ করে ব্যাটিং করে যান ওপেনার ক্যাথরিন ফ্রেজার আর তিন নম্বরে নামা অধিনায়ক ক্যাথরিন ব্রাইস।
১১তম ওভারে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেন স্বর্ণা আক্তার। ফেরান ওপেনার ক্যাথরিন ফ্রেজারকে। ৩০ বলে ২৮ রান করে নিগার সুলতানা জ্যোতির হাতে ক্যাচ দেন তিনি। ততক্ষণে বড্ড দেরি হয়ে যায় বাংলাদেশের।
ফ্রেজার ফিরলেও জয় পেতে কষ্ট হয়নি স্কটল্যান্ডের। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক ক্যাথরিন ব্রাইস। হাফসেঞ্চুরিও তুলে নেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩২ বলে ৫৪ রান করে। তাকে সঙ্গ দিতে নেমে সারাহ ব্রাইস অপরাজিত থাকেন ১৫ বলে ২৩ রান করে। ১৫.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নিয়মিত বিরতিতে হারিয়েছে উইকেট। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৩ বলে ১২ রান করে ফিরে যান জুয়াইরিয়া। এরপর দ্রুতই বিদায় নেন আরেক ওপেনার দিলারা আক্কতার (১৬ বলে ১১)।
দ্রুত দুই উইকেট হারানোর পর তিন নম্বরে শারমিন আক্তার সুপ্তা জুটি গড়ছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে। সেই জুটি ২০ রানে পৌঁছাতেই আম্পায়ারের দৃষ্টিকটু রান আউটে কাটা পড়েন সুপ্তা (১৩ বলে ১০)।
সুপ্তা ফিরলে জ্যোতিকে সঙ্গ দিতে আসেন সোবহানা মোস্তারি। তারা দুজন মিলে গড়েন ৪২ রানের জুটি। এই জুটিতে বড় রানের আশা দেখছিল বাংলাদেশ। তবে ২২ বলে ২২ রান করা সোবহানা ফিরলে সেই আশা ভঙ্গ হয়। এরপর দ্রুতই ফিরে যান স্বর্ণা আক্তার (৩ বলে ২)।
বাকিদের যাওয়া-আসার ফাঁকে একপ্রান্ত আগলে রেখে দলীয় রান বাড়িয়ে নেন জ্যোতি। যদিও স্ট্রাইকরেট কিছুটা মন্থর ছিল। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৩৯ বলে ৪৬ রানে। বাংলাদেশ থামে ১৩৩ রানে।

স্পোর্টস ডেস্ক