মেয়েরাও পারল না অস্ট্রেলিয়ার সঙ্গে
ছেলেদের পর একই দিনে অস্ট্রেলিয়ার কাছে হারল মেয়েরা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বুধবার (১৭ জুন) অস্ট্রেলিয়া নারী দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচে কোনো প্রতিদ্বদ্বিতাই করতে পারেনি নিগার-মারুফারা। ব্যাটে-বলে বিবর্ণ এক দিনে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হেরেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।
ইংল্যান্ডের লিডসে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ৭৭ রানে থামে বাংলাদেশ। জবাবে ৯.৩ ওভারে ১ উইকেটে ৭৮ রান করে অস্ট্রেলিয়া।
রান তাড়ায় ৩১ রানে প্রথম ও একমাত্র উইকেট হারায় অস্ট্রেলিয়া। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে মারুফা আক্তার বিদায় করেন বেথ মুনিকে। ১০ বলে ১০ রান করেন বেথ। এরপর আর উইকেট হারায়নি অসিরা। জর্জিয়া ভোলের ৩২ বলে অপরাজিত ৪৫ এবং এলিসা পেরির ১৫ বলে অপরাজিত ১৯ রানে ভর দিয়ে হেসেখেলে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
ব্যাটিং ব্যর্থতার দিনে বাংলাদেশের হয়ে দুই অঙ্কের রান স্পর্শ করেছেন মাত্র দুজন। অধিনায়ক নিগার সুলতানার ৪৭ বলে ২৭ রানের মন্থর ইনিংসের পর রিতু মনি ২৬ বলে ১৬ রান করেন। বাকিদের ব্যর্থতায় অলআউট না হলেও শতরানও ছুঁতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে জিতলেও এদিন তাই সঙ্গী হয়েছে হার।
অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট পান কিম গার্থ, এলিসা পেরি ও সোফি মলিনেক্স।

স্পোর্টস ডেস্ক