ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

সুনামগঞ্জে বন্যার শঙ্কা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

সুনামগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ২৭ এপ্রিল ২০২৬  
সুনামগঞ্জে বন্যার শঙ্কা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক হয়েছে।

সুনামগঞ্জে রবিবার (২৬ এপ্রিল) রাত থেকে বজ্রসহ টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এতে বন্যার আশঙ্কা করছেন হাওরের কৃষকেরা। 

আরো পড়ুন:

 এ পরিস্থিতিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জরুরি বৈঠক করেছে।

সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের উজানে তেমন একটা বৃষ্টিপাত হয়নি। তবে গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যেখানে উজানে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়েছে ১০ মিলিমিটার। স্থানীয়ভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পুরোপুরি স্বস্তিতে নেই সুনামগঞ্জের হাওরপাড়ের কৃষকরা। বৈশাখ মাসের এই সময়ে সামান্য বৃষ্টিও পাকা ও আধাপাকা ধানের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, আজ সোমবার (২৭ এপ্রিল) ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে টানা তিন দিন সুনামগঞ্জসহ উজানের চেরাপুঞ্জিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এতে নদ-নদীর পানি আরো বাড়বে এবং দুর্বল হয়ে থাকা হাওরের বাঁধগুলো ঝুঁকিতে পড়তে পারে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, হাওরের ধান কাটা নিয়ে এখন সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। অনেক হাওরে ইতোমধ্যে ৫০-৬০ শতাংশ ধান কাটা হয়ে গেছে। দ্রুত কাজ শেষ করতে প্রচারণা চালানো হচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।

নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, এবার হাওরের ফসল রক্ষায় ১৪৫ কোটি টাকার ৭১০টি প্রকল্পে ৬০২ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার করা হয়েছে।

ঢাকা/মনোয়ার/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়