মেসি-ভক্তদের উচ্ছ্বাসে মুখর বেরোবি
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফিফা বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে সারা দেশের মতো রংপুর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও (বেরোবি) ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন জানাতে বেরোবি ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি করেছেন মেসি-ভক্ত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আর্জেন্টিনা-সমর্থক শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে আকাশি-সাদা জার্সি পরে ঢাক-ঢোলের তালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরীর লালবাগ মোড় ঘুরে আবার প্রধান ফটকে এসে শেষ হয়।
এ সময় অংশগ্রহণকারীরা নানা স্লোগানে প্রিয় দলের প্রতি সমর্থন এবং আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে বিশ্বসেরা ফুটবল তারকা লিওনেল মেসির শেষ বিশ্বকাপটি শিরোপা জয়ের মাধ্যমে রাঙিয়ে বিদায় নেওয়ার আশাও প্রকাশ করেন তারা।
র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল আর্জেন্টিনার জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। অনেকেই প্রিয় ফুটবলার লিওনেল মেসির জার্সি পরে এতে অংশ নেন। ‘ভামোস আর্জেন্টিনা’, ‘মেসি, মেসি’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
শিক্ষার্থীরা বলেন, বিশ্বকাপ ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ ও ভালোবাসার এক বড় উপলক্ষ। প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশ এবং বিশ্বকাপের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতেই তাদের এই আয়োজন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সমর্থকরা জানান, বিশ্বকাপ চলাকালে ক্যাম্পাসে বড় এলইডি স্ক্রিনে খেলা দেখা, প্রীতিভোজসহ বিভিন্ন আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। তাদের প্রত্যাশা, এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনা দারুণ পারফরম্যান্স উপহার দেবে।
বিশ্বকাপের উত্তেজনা আর মেসি-ভক্তদের উচ্ছ্বাসে দিনভর প্রাণচাঞ্চল্যে ভরপুর ছিল বেরোবি ক্যাম্পাস। প্রিয় দলের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে সজ্জিত করা হয়েছে ক্যাম্পাসের বিভিন্ন স্থান। একই চিত্র দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বিভাগীয় শহর রংপুরের বিভিন্ন এলাকাতেও, যেখানে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
ঢাকা/আমিরুল/জান্নাত