ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ১৭ জুন ২০২৬   আপডেট: ১১:৩৯, ১৭ জুন ২০২৬
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান স্থানীয় বিএনপির নেতারা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল (১৭ জুন) ১০টা ৪০ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাকে বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। 

আরো পড়ুন:

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

সফর সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়ক পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পথে রওনা হবেন। দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রীকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে সিলেটের মন্ত্রী-এমপিদের পাশাপাশি দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়েছে।”

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মঞ্চ নির্মাণ, ইটের সলিং, সৌন্দর্যবর্ধন, নিরাপত্তা বেষ্টনী স্থাপন এবং শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ দ্রুতগতিতে শেষ করা হয়েছে।  

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, “নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে এক নির্বাচনি জনসভায় পুনরায় এলাকায় আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সরকার গঠনের চার মাসের মধ্যেই তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে শ্রীমঙ্গলে আসছেন, যা এলাকার মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

তিনি বলেন, “বৃহত্তর সিলেটের মধ্যে সবচেয়ে বড় সংবর্ধনা প্রধানমন্ত্রীকে দিতে চাই আমরা। সফর সফল করতে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করা হয়েছে।” 

ঢাকা/রাহাত/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়