ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

সরকারি ব্যাংকে আস্থা বাড়ছে গ্রাহকদের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ১৭ জুন ২০২৬   আপডেট: ১১:৩১, ১৭ জুন ২০২৬
সরকারি ব্যাংকে আস্থা বাড়ছে গ্রাহকদের

বিভিন্ন বেসরকারি ব্যাংকে সংকট ও অনিশ্চয়তার কারণে সরকারি ব্যাংকে আস্থা বাড়ছে গ্রাহকদের। এ কারণে গত এক বছরে বেসরকারি খাতের ব্যাংকের চেয়ে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকগুলোতে আমানতে প্রবৃদ্ধি বেড়েছে বলে জানা গেছে। 

আরো পড়ুন:

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত ব্যাংকভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংক খাতে সার্বিকভাবে আমানত বেড়েছে ২ লাখ ৩৪ হাজার কোটি টাকা। তবে এখনও মোট আমানতের ৬৯ শতাংশ বেসরকারি ব্যাংকের হাতে রয়েছে, যদিও প্রবৃদ্ধির হারে এগিয়ে আছে সরকারি ও বিশেষায়িত ব্যাংকগুলো। 

গত মার্চ শেষে ব্যাংক খাতের মোট আমানতের প্রায় ২৪ শতাংশ রয়েছে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের হাতে। সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকগুলোর হাতে রয়েছে মোট আমানতের প্রায় ৩ শতাংশ। এছাড়া, মোট আমানতের ৪ দশমিক ১২ শতাংশ আছে বিদেশি মালিকানাধীন ব্যাংকের হাতে।

গত বছরের জানুয়ারি থেকে মার্চের তুলনায় চলতি বছরের একই সময়ে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে আমানতের প্রবৃদ্ধি হয়েছে প্রায় সোয়া ১৩ শতাংশ। একই সময়ে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের আমানতে প্রবৃদ্ধি হয় সাড়ে ১২ শতাংশ। 

এই সময়ে দেশের ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২১ লাখ ৫৮ হাজার ২৫ কোটি টাকা। গত বছরের একই প্রান্তিকে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ ছিল ১৯ লাখ ২৩ হাজার ৫০৫ কোটি টাকা। গত এক বছরে ব্যাংক খাতে আমানত বেড়েছে ২ লাখ ৩৪ হাজার ৫২০ কোটি টাকা। 

পুরো ব্যাংক খাতে এক বছরে আমানত প্রবৃদ্ধির হার ছিল ১২ দশমিক ১৯ শতাংশ। ব্যাংক খাতে গড়ে আমানতের সুদহার ৬–৯ শতাংশের মধ্যে রয়েছে। 

এদিকে, গত বছরের মার্চের তুলনায় চলতি বছরের মার্চের শেষে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের (শরিয়াহভিত্তিক ব্যাংকসহ) আমানত বেড়েছে ১ লাখ ৬৫ হাজার ৭৮৫ কোটি টাকা। প্রবৃদ্ধির হার ১২ দশমিক ৫১ শতাংশ।

গত মার্চ শেষে বেসরকারি ব্যাংকের আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৯১ হাজার ১০৮ কোটি টাকা। 

একই সময়ে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে আমানত ৬০ হাজার ১৮৩ কোটি টাকা বেড়ে ৫ লাখ ১৬ হাজার ১১৩ কোটি টাকায় উন্নীত হয়েছে। তাদের আমানতে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২০ শতাংশ। প্রবৃদ্ধির হিসেবে যা বেসরকারি ব্যাংকগুলোর তুলনায় বেশি। 

তবে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের চেয়েও আমানত প্রবৃদ্ধিতে এগিয়ে আছে বিশেষায়িত ব্যাংকগুলো। তিনটি বিশেষায়িত ব্যাংকে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে আমানত বেড়েছে ৭ হাজার ২৬৯ কোটি টাকা। এ ক্ষেত্রে প্রবৃদ্ধির হার ১৩ দশমিক ২৯ শতাংশ। গত মার্চ শেষে বিশেষায়িত ব্যাংকের আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৯৫৩ কোটি টাকা।

দেশে বর্তমানে পরিচালিত হওয়া বিশেষায়িত ব্যাংক তিনটি হলো বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও প্রবাসী কল্যাণ ব্যাংক। 

বিশেষজ্ঞরা বলছেন, দেশের বেসরকারি খাতে ১২টির বেশি ব্যাংকের দুরবস্থা এবং কিছু ব্যাংকে একবছরের বেশি সময় ধরে আমানত ফেরত না পাওয়া মতো ঘটনা ঘটেছে বলে বেসরকারি ব্যাংকের প্রতি গ্রাহকরা আস্থা হারাচ্ছে। যার প্রভাব পড়েছে আমানত প্রবৃদ্ধিতে। 

এ ব্যাপারে কথা বলতে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “নানান কারণে সাম্প্রতিক সময়ে বেসরকারি ব্যাংকের চেয়ে সরকারি ব্যাংকের প্রতি আমানতকারীদের আস্থা বেড়েছে। কয়েকটি বেসরকারি ব্যাংকের দুরবস্থার কারণে কিছু গ্রাহক আস্থা হারাচ্ছেন এটা সত্য। তবে সব বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে এমনটা হচ্ছে না।”

ঢাকা/তুহিন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়