logo
youtube logotwitter logofacebook logo
/বিনোদন
‘কল্কি ২’-এ নতুন মুখ, আলোচনায় আলিয়া ভাট - image

‘কল্কি ২’-এ নতুন মুখ, আলোচনায় আলিয়া ভাট

17 জুন 2026, বিকাল 4:28

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কল্কি 2898 এডি’ বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে দর্শকদের মন জয় করেছিল। অমিতাভ বচ্চন, প্রভাস ও দীপিকা পাড়ুকোনের অভিনয়ে ছবিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিশেষ করে গর্ভাবস্থায় ছবির প্রচারণায় দীপিকার উপস্থিতি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। প্রথম পর্বের সাফল্যের পর থেকেই ‘কল্কি ২’ নিয়ে দর্শকদের আগ্রহ ও প্রত্যাশা বাড়তে থাকে।তবে সিক্যুয়েলের কাস্টিং ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আট ঘণ্টা শিফট বিতর্কের পর ‘কল্কি ২’ থেকে দীপিকা পাড়ুকোনের নাম বাদ দেওয়া হতে পারে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত দীপিকা কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এরই মধ্যে তার পরিবর্তে আলিয়া ভাটকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, আলিয়া ভাট ইতোমধ্যে ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন। এমনকি হায়দরাবাদে পাঁচ দিনের একটি শুটিং সূচিও সম্পন্ন করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। জল্পনা সত্যি হলে পরিচালক নাগ অশ্বিন ও প্রভাসের সঙ্গে এটিই হবে আলিয়ার প্রথম কাজ।প্রথমদিকে ধারণা করা হয়েছিল, দীপিকার অভিনীত সুমতি চরিত্রেই দেখা যাবে আলিয়াকে। তবে নতুন তথ্য বলছে, তিনি সম্পূর্ণ নতুন এবং গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে, সুমতি চরিত্রের জন্য অভিনেত্রী সাই পল্লবীর নামও আলোচনায় রয়েছে। ফলে ছবির কাস্টিং নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।এদিকে ‘কল্কি ২’-এর কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০২৭ সালের ডিসেম্বর মাসে ছবিটি মুক্তি পেতে পারে, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি। দীর্ঘদিন ধরে কাস্টিং বিতর্ক, দীপিকা-প্রীয়াঙ্কা চোপড়া সম্পর্কিত নানা গুঞ্জন এবং বলিউড-দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের টানাপোড়েনের মধ্যেই চলতি বছরের ফেব্রুয়ারিতে সিক্যুয়েলের শুটিং শুরু করেছেন পরিচালক নাগ অশ্বিন।/টিএ

জুন ১৭, ২০২৬

কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ

ঢাকাই চলচ্চিত্রের সোনালী অতীতের কালজয়ী ও কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ। ৭৪ বছর পেরিয়ে আজ তিনি ৭৫ বছরে পা রাখলেন। ১৯৫২ সালের ১৫ জুন চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা ফয়েজ চৌধুরী এবং মা ফজিলাতুন্নেসা। পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্না হলেও রূপালী পর্দায় আসার পর পরিচালক এহতেশাম হায়দার চৌধুরীর দেওয়া ‘শাবানা’ নামেই তিনি দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন।মাত্র ১০ বছর বয়সে, ১৯৬২ সালে ‘নতুন সুর’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে শোবিজে যাত্রা শুরু হয় শাবানার। তবে নায়িকা হিসেবে তাঁর অভিষেক ঘটে ১৯৬৭ সালে, নির্মাতা এহতেশাম হায়দার চৌধুরীর ‘চকোরী’ চলচ্চিত্রের মাধ্যমে। প্রথম ছবিতেই পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা নাদিমের বিপরীতে অভিনয় করে বাজিমাত করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই গুণী অভিনেত্রীকে। ষাট থেকে নব্বই দশক পর্যন্ত দীর্ঘ ৩৬ বছরের অভিনয়জীবনে তিনি ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।শাবানা তাঁর অভিনয় ক্যারিয়ারে নাদিম, রাজ্জাক, ফারুক, জসীম ও সোহেল রানার মতো জনপ্রিয় নায়কদের সাথে জুটি বেঁধে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তবে তাঁর সবচেয়ে সফল ও দীর্ঘতম জুটি গড়ে উঠেছিল অভিনেতা আলমগীরের সাথে। এই জনপ্রিয় জুটি একসাথে সর্বোচ্চ১৩০টি চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাঁর অভিনীত কালজয়ী সিনেমাগুলোর মধ্যে ‘অবুঝ মন’, ‘ছুটির ঘণ্টা’, ‘দুই পয়সার আলতা’, ‘ভাত দে’, ‘স্বামী স্ত্রী’ এবং ‘স্বামী কেন আসামি’ অন্যতম।ক্যারিয়ারের একদম তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৭ সালে হঠাৎ করেই চলচ্চিত্র অঙ্গন থেকে আড়ালে চলে যান এই মহানায়িকা। তাঁর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল আজিজুর রহমান পরিচালিত ‘ঘরে ঘরে যুদ্ধ’। রূপালী জগৎকে বিদায় জানিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নিজের পরিবারের কাছে চলে যান এবং বর্তমানে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। ব্যক্তিগত জীবনে তিনি ১৯৭৩ সালে সরকারি কর্মকর্তা ওয়াহিদ সাদিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির সুমি ও ঊর্মি নামের দুটি মেয়ে এবং নাহিন নামের একটি ছেলে রয়েছে।চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শাবানা তাঁর ক্যারিয়ারে ৯ বার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং একবার প্রযোজক হিসেবে পুরস্কৃত হন। এ ছাড়া ২০১৭ সালে তাঁকে সম্মানসূচক ‘আজীবন সম্মাননা’য় ভূষিত করে বাংলাদেশ সরকার। আজ এই মহান অভিনেত্রীর জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিনোদন অঙ্গনে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।/টিএ

জুন ১৫, ২০২৬

অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা, নজর এবার ওটিটিতেও

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও রূপালি পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গত বছরের ৭ নভেম্বর পুত্রসন্তানের মা হওয়ার পর থেকে তিনি অভিনয় জগৎ থেকে নিজেকে কিছুটা দূরে রেখেছিলেন। মাতৃত্বকালীন এই ছুটি ও পারিবারিক সময় কাটিয়ে এবার তিনি আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর জোর প্রস্তুতি নিচ্ছেন। প্রিয় অভিনেত্রীর এমন প্রত্যাবর্তনের খবরে ভক্তদের মাঝে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।তবে এবার ক্যাটরিনার ফেরাটা একটু ভিন্ন আঙ্গিকে হতে যাচ্ছে। নিজেকে আর শুধু বড় পর্দার সিনেমার মধ্যেই সীমাবদ্ধ রাখছেন না এই অভিনেত্রী। বর্তমান সময়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর তুমুল জনপ্রিয়তার কথা বিবেচনা করে তিনি ওটিটি (OTT) কনটেন্টের দিকেও নজর দিয়েছেন। ক্যারিয়ারে প্রথমবার কোনো ওয়েব সিরিজ বা ডিজিটাল প্রকল্পে কাজ করার তীব্র আগ্রহ প্রকাশ করেছেন ক্যাটরিনা।মা হওয়ার পর নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য বজায় রাখাটাই এখন ক্যাটরিনার মূল লক্ষ্য। তাই তিনি এমন চরিত্র খুঁজছেন যা তার বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। জানা গেছে, ইতিমধ্যে তিনি নতুন নতুন গল্পের চিত্রনাট্য পড়া এবং বাছাই করার কাজ শুরু করে দিয়েছেন। কোনো কাজেই তাড়াহুড়ো না করে, বেশ ভেবেচিন্তে ২০২৭ সালের শেষ দিকে নতুন সিনেমা বা ওটিটি প্রকল্পের শুটিং শুরু করতে পারেন তিনি।উল্লেখ্য, ২০২৪ সালে মুক্তি পাওয়া শ্রীরাম রাঘবন পরিচালিত ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় ক্যাটরিনাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল। সেই সিনেমায় দক্ষিণি তারকা বিজয় সেতুপতির বিপরীতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। এর পর থেকেই মূলত তিনি আলোচনা এবং গণমাধ্যম থেকে নিজেকে কিছুটা আড়ালে রাখেন। ‘ওয়েলকাম’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ এবং ‘এক থা টাইগার’–এর মতো ব্লকবাস্টার সিনেমার এই নায়িকা এখন নতুন মাধ্যমে নিজেকে চেনাতে প্রস্তুত।পারিবারিক জীবনে ২০২১ সালে বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা। গত বছরের ৭ নভেম্বর এই তারকা দম্পতির কোল আলো করে আসে তাদের প্রথম পুত্রসন্তান ‘বিহান’। সন্তান ও সংসার সামলে ক্যাটরিনা এখন বড় পর্দা নাকি ওটিটি—কোন মাধ্যমে প্রথম কামব্যাক করবেন, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বজুড়ে থাকা তার কোটি ভক্ত।/টিএ

জুন ১১, ২০২৬

আবারো বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী জেনিফার!

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের দাবি, দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী ইশমায়েল উইলিয়াম–এর সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে এবং তারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন।প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন জেনিফার ও ইশমায়েল। জানা গেছে, সম্প্রতি এক ছুটির দিনে ইশমায়েল অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দেন এবং জেনিফার তাতে সম্মতি জানান। এরপর থেকেই দুজনের বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়। ঘনিষ্ঠ সূত্রের দাবি, বর্তমানে তারা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং বিয়ের বিভিন্ন বিষয় নিয়ে কাজ শুরু করেছেন।এর আগে অভিনেতা করণ সিং গ্রোভার–এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনিফার উইংগেট। টেলিভিশন অনুষ্ঠান দিল মিল গায়ে–এর শুটিং সেটে তাদের পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০১২ সালের এপ্রিলে তারা বিয়ে করেন। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি; বিয়ের মাত্র দুই বছর পর ২০১৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে।বিচ্ছেদের পর ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত অ্যালোন সিনেমার শুটিংয়ের সময় অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে সম্পর্কে জড়ান করণ সিং গ্রোভার। পরে ২০১৬ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। অন্যদিকে, জেনিফারকে দীর্ঘদিন বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনো আগ্রহ দেখাতে দেখা যায়নি। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে বিয়েসংক্রান্ত বিভিন্ন বিষয় অনুসরণ করা এবং একটি ওয়েডিং ড্যান্সের ইনস্টাগ্রাম রিলে মন্তব্য করার পর থেকেই তার বিয়ে নিয়ে জোরালো গুঞ্জন শুরু হয়।এদিকে বিভিন্ন সূত্রের দাবি, জেনিফার ও ইশমায়েল বর্তমানে বিয়ের পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন। খ্রিস্টান রীতিতে বিয়ে আয়োজনের চিন্তা করছেন তারা এবং সম্ভাব্য সময় হিসেবে সেপ্টেম্বর-অক্টোবর অথবা ডিসেম্বর-জানুয়ারির একটি সময় বিবেচনা করা হচ্ছে। যদিও এখনো বিয়ের ভেন্যু চূড়ান্ত হয়নি। এছাড়া অভিনেত্রী নাকি ইতোমধ্যে আয়োজক ও ওয়েডিং সার্ভিসগুলোর তালিকা প্রস্তুত করা শুরু করেছেন। শিল্পী মহলের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু, যার মধ্যে হার্লিন শেঠি এবং জেনেলিয়া দেশমুখ রয়েছেন, তারাও এ পরিকল্পনার বিষয়ে অবগত বলে জানা গেছে।/টিএ

জুন ১০, ২০২৬

রাজ্যসভা থেকে সরে যাচ্ছেন কোয়েল? যা জানা গেল

গত ফেব্রুয়ারি মাসে রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থিতালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস, যেখানে স্থান পান জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তালিকায় আরও ছিলেন রাজ্য পুলিশের সাবেক ডিজি রাজীব কুমার, সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী। বিনোদন জগতের একজন পরিচিত মুখ হিসেবে কোয়েলের নাম ঘোষণার পর থেকেই বিষয়টি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করে।এর আগে তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়ন প্রকল্পের খতিয়ান নিয়ে মল্লিকবাড়িতে যান। পরবর্তীতে এপ্রিল মাসে দিল্লিতে গিয়ে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন কোয়েল মল্লিক। শপথ অনুষ্ঠানে তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন, যা বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে আসে।রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে কোয়েল মল্লিকের আগ্রহ আগে কখনো প্রকাশ পায়নি। তাই হঠাৎ করে তার রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্তে বিস্মিত হন তার ঘনিষ্ঠরা। কেউ কেউ ধারণা করেছিলেন, এই প্রস্তাব গ্রহণের পেছনে অন্য কারও ভূমিকা থাকতে পারে। তবে শপথের পর কোয়েল নিজেই জানান, দেশের সেবা করার সুযোগ হিসেবে তিনি এই দায়িত্বকে দেখছেন এবং এটিকে নিজের জন্য গর্বের বিষয় মনে করছেন।সম্প্রতি তার রাজ্যসভার পদ ছাড়ার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদল এবং তৃণমূলের ভেতরে ভাঙনের প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তুলছেন, কোয়েলও কি সেই ধারার অংশ হচ্ছেন? যদিও তার ঘনিষ্ঠরা মনে করছেন, তিনি কোনো রাজনৈতিক দলে বিদ্রোহী হিসেবে যোগ দেবেন না, বরং সম্মান রেখেই রাজনীতি থেকে দূরে থাকার পথ বেছে নিতে পারেন। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।দলীয় একটি সূত্র জানিয়েছে, কোয়েলের পাঞ্জাবি পরিবারে বিয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল ভবানীপুরের পাঞ্জাবি ভোটারদের আকৃষ্ট করতে। তবে নির্বাচনের ফলাফলে সেই কৌশল সফল হয়নি। একই সঙ্গে তার স্বামীর ব্যবসায়িক স্বার্থের বিষয়টিও আলোচনায় এসেছে, যদিও কোয়েলের ঘনিষ্ঠ মহল এসব ধারণা নাকচ করেছে। এদিকে তার বাবা রঞ্জিত মল্লিক আগেই বলেছিলেন, কোয়েল যথেষ্ট পরিণত এবং নিজ সিদ্ধান্ত নিজেই নিতে সক্ষম।/টিএ

জুন ০৯, ২০২৬

‘রকস্টার’ দিয়ে নতুন রূপে সাবিলা নূর

ছোটপর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর ধীরে ধীরে বড়পর্দায়ও নিজের জায়গা শক্ত করছেন। সম্প্রতি ঢালিউড সুপারস্টার শাকিব খান–এর বিপরীতে অভিনীত রকস্টার সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি। মুক্তির দিন নির্মাতা আজমান রুশো–এর সঙ্গে দর্শকদের নিয়ে ছবিটি উপভোগ করেন সাবিলা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।সাবিলা নূর জানান, অভিনয়ে সবসময় নতুন কিছু করার চেষ্টা থাকে তার। তিনি বলেন, ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করাই তার লক্ষ্য। তাণ্ডব কিংবা বনলতা এক্সপ্রেস–এর মতো কাজের মাধ্যমে তিনি নিজের ইমেজ ভাঙার চেষ্টা করেছেন। তার ভাষায়, দর্শক যেন প্রতিটি সিনেমায় তাকে নতুনভাবে দেখতে পারে, সেই জায়গাটিকেই গুরুত্ব দেন তিনি।‘রকস্টার’ সিনেমায় ‘মিরা’ চরিত্রে অভিনয় করেছেন সাবিলা। চরিত্রটির প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, সময় খুব বেশি পাওয়া যায়নি। মাত্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যে প্রস্তুতি নিতে হয়েছে। অল্প সময়ের মধ্যেই চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও জানান তিনি।সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও প্রশংসা করেন সাবিলা নূর। তিনি বলেন, শাকিব খান একজন অত্যন্ত নিবেদিত ও শৃঙ্খলাবদ্ধ শিল্পী। সহশিল্পী হিসেবে তিনি খুবই সহযোগিতাপরায়ণ, যা কাজের পরিবেশকে সহজ করে তোলে।সিনেমাটির ট্রেলার প্রকাশের পর অনেকেই বলিউডের রণবীর কাপুর অভিনীত Rockstar–এর সঙ্গে তুলনা করেছিলেন। এ প্রসঙ্গে সাবিলা স্পষ্ট করে বলেন, দুই সিনেমার গল্প সম্পূর্ণ আলাদা। তাদের ‘রকস্টার’-এ একজন মানুষের জীবন, তার সংগীতযাত্রা এবং বাস্তবতার গল্প উঠে এসেছে। কোরবানির ঈদের ব্যস্ততার মধ্যেও দর্শকদের হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানান তিনি, যাতে ভবিষ্যতে দেশে আরও ভিন্নধারার সিনেমা নির্মাণে উৎসাহ তৈরি হয়।/টিএ

মে ৩০, ২০২৬

ঢাকা মাতাতে আসছেন অনুপম রায়

ঢাকা মাতাতে আসছেন কলকাতার জনপ্রিয় সংগীত তারকা অনুপম রায়। আগামী ২৬ জুন গোটা ব্যান্ডসহ ঢাকায় একটি লাইভ কনসার্টে পারফর্ম করবেন তিনি। ‘অন ট্রু সাউন্ড’ শিরোনামের এই কনসার্টটি আয়োজন করতে যাচ্ছে ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’। ইতিমধ্যেই আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, অনুপম রায় এবার একা নন, তার পুরো ব্যান্ড দল নিয়ে ঢাকায় আসছেন। প্রিয় তারকার আসার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকার শ্রোতাদের মাঝে বেশ উদ্দীপনা ও উন্মাদনা দেখা যাচ্ছে।বাংলাদেশে আসা প্রসঙ্গে বরাবরই ভীষণ উচ্ছ্বসিত অনুপম রায়। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আমন্ত্রণ পেলেই আমি বাংলাদেশে আসার জন্য স্যুটকেস গোছানো শুরু করি। কারণ এখানকার মানুষ এবং তাদের ভালোবাসা আমাকে বারবার টেনে আনে।শিগগিরই এই কনসার্টের ভেন্যু এবং টিকিট বিক্রির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।/টিএ 

মে ২৯, ২০২৬

শাকিবের ‘রকস্টার’ নিয়ে বড় দুঃসংবাদ

আসন্ন ঈদুল আজহার সিনেমা নিয়ে যখন দর্শকদের মাঝে টানটান উত্তেজনা, ঠিক তখনই বিনোদনপ্রেমীদের জন্য এলো এক আকস্মিক ধাক্কা। ঈদের বড়পর্দায় মুক্তির তালিকায় থাকা সবচেয়ে আলোচিত সিনেমা শাকিব খান অভিনীত ‘রকস্টার’। রাত পোহালেই রুপালি পর্দায় মুক্তি পাওয়ার কথা সিনেমাটি। দর্শক মহলেও অগ্রিম টিকিট কাটার ধুম ও তুমুল উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে দেশের অন্যতম জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন ‘স্টার সিনেপ্লেক্স’ এক অনাকাঙ্ক্ষিত দুঃসংবাদ দিল।মূলত কারিগরি বা কনটেন্ট ফাইল সংক্রান্ত জটিলতার কারণে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রদর্শনী সাময়িকভাবে আটকে গেছে। তবে শাকিবের ‘রকস্টার’ একাই এই ভাগ্য বরণ করেনি, একই তালিকায় যুক্ত হয়েছে ঈদের আরেক প্রতীক্ষিত সিনেমা ‘মাসুদ রানা’। ফাইল এসে না পৌঁছানোয় সিনেমা দুটির ভবিষ্যৎ নিয়ে এই মুহূর্তে এক ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছে।বুধবার (২৭ মে) স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক জরুরি নোটিশের মাধ্যমে দর্শকদের এই সংকটের কথা জানায়। তারা স্পষ্ট করে বলেছে যে, ‘রকস্টার’ এবং ‘মাসুদ রানা’ সিনেমা দুটির কনটেন্ট ফাইল এখনো তাদের হাতে এসে পৌঁছায়নি। আর এই ফাইল না পাওয়ার কারণে ছবি দুটির শোর সময়সূচি (শো-টাইম) প্রকাশ করা কিংবা অগ্রিম টিকিট বিক্রি শুরু করা কর্তৃপক্ষের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না।এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দর্শকদের বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা বলেন, ‘আপনাদের ধৈর্য এবং সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। পরবর্তী ঘোষণার জন্য অনুগ্রহ করে আমাদের অফিশিয়াল প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখুন।’ পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই টিকিট ও শোর ব্যাপারে আপডেট দেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়।ঈদের ঠিক আগমুহূর্তে, যখন হল বুকিং ও টিকিট বিক্রির ভরা মৌসুম, তখন সিনেমা দুটির ফাইল সময়মতো পৌঁছাতে না পারাকে প্রযোজনা ও পরিবেশনা সংস্থার বড় গাফিলতি হিসেবে দেখছেন ক্ষুব্ধ সিনেপ্রেমীরা। যদিও একই দিনে ‘রকস্টার’ সিনেমার পোস্টার শেয়ার করে আজমান রুশো পরিচালিত ছবিটির রাজকীয় আগমনের বার্তা দিয়েছিল সিনেপ্লেক্স। তবে ঈদের এই উৎসবমুখর সময়ে দ্রুত জটিলতা না কাটলে সিনেমা দুটি যে বড় অঙ্কের দর্শক খরায় পড়বে, তা বলাই বাহুল্য।/টিএ

মে ২৭, ২০২৬

কান চলচ্চিত্র উৎসবে সাদা টাক্সেডোতে অনন্য ঐশ্বরিয়া

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজনে হাজির হয়ে বরাবরের মতোই সবার নজর কেড়েছেন ‘কুইন অব কান’খ্যাত সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবারের উৎসবের শেষ দিনে তিনি বেছে নিয়েছিলেন একেবারে ভিন্নধর্মী একটি সাদা টাক্সেডো লুক। স্টাইলিশ সেই পোশাকের সঙ্গে পালকের বোয়া আর নতুন হেয়ারস্টাইলের মেলবন্ধনে রেড কার্পেটে এক অনন্যা ও অপরূপী রূপে ধরা দেন এই অভিনেত্রী। তার এই সাহসী ও রাজকীয় লুকটি ইতিমধ্যেই ফ্যাশন দুনিয়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার ঝড় তুলেছে।কানের মঞ্চে সাবেক এই বিশ্বসুন্দরীর জন্য পালকের বোয়াযুক্ত কাস্টম পোশাকটি তৈরি করেছেন বিখ্যাত চীনা ডিজাইনার চেনি চ্যান। এর স্টাইলিংয়ের মূল দায়িত্বে ছিলেন ভারতীয় সেলিব্রিটি স্টাইলিস্ট মোহিত রাই ও তার দল এবং গহনা হিসেবে যুক্ত ছিল যুক্তরাজ্যের হাসানজাদেহ জুয়েলারি। সম্প্রতি জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডিজাইনার চেনি চ্যান বলেন, ঐশ্বরিয়া রাই বচ্চনের ওপর সাদা রঙ সবসময়ই দারুণ লাগে। মূলত ঐশ্বরিয়ার অভিনীত ‘তাল’, ‘মহব্বতে’ ও ‘দেবদাস’ সিনেমার আইকনিক লুকগুলো থেকেই অনুপ্রাণিত হয়ে তিনি এই বিশেষ পোশাকটি ডিজাইন করেছেন।রেড কার্পেটের এই লুকে ঐশ্বরিয়া কোনো ভারী গহনা ব্যবহার না করে অত্যন্ত পরিমার্জিত ফ্যাশন বেছে নিয়েছেন। তিনি পায়ে পরেছিলেন সাদা পিপ-টো পাম্পস এবং আঙুলে জড়িয়েছিলেন চমৎকার ডায়মন্ড রিং। তবে পোশাকের পাশাপাশি সবচেয়ে বেশি নজর কেড়েছে তার বারগান্ডি রঙের খোলা চুল। সফট ব্লোআউট ওয়েভে সাজানো তার এই নতুন হেয়ারস্টাইলটিকে অনেকেই ফ্যাশন বিশ্লেষকরা অভিনেত্রীর সাম্প্রতিক সময়ের সেরা লুকগুলোর একটি বলে আখ্যায়িত করছেন।পোশাকের সূক্ষ্ম কারুকাজ এবং মেকআপেও ছিল আভিজাত্যের ছোঁয়া। অভিনেত্রীর মেকআপে ব্যবহার করা হয়েছিল গাঢ় প্লাম লিপস্টিক, উইংড আইলাইনার, শিমারি আইশ্যাডো, হাইলাইটার ও সফট ব্রোঞ্জারের এক নিখুঁত কম্বিনেশন। তাছাড়া তার বিশেষ টাক্সেডোতে ছিল ঝলমলে সিকুইন, ক্রিস্টাল-খচিত বোতাম এবং স্তরযুক্ত নচ ল্যাপেল। জ্যাকেটের প্যাডেড শোল্ডার, ফুল স্লিভ এবং কাফে লেস ট্রিম পুরো লুকে একটি চমৎকার নাটকীয়তা যোগ করেছিল, যেখানে কোমরের ফিটিং কাটটি তার অবয়বকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলে।জ্যাকেটের ভেতরে এই বলিউড ডিভা পরেছিলেন লেস এমব্রয়ডারির কাজ করা একটি সাদা বুস্টিয়ার এবং সাথে ছিল সিলভার সিকুইন-খচিত ফ্লেয়ার প্যান্ট। তবে পুরো অবয়বকে অন্য সবার চেয়ে আলাদা করেছে পালক দিয়ে তৈরি টেকসই বোয়া ও ক্যাট-ইয়ার স্টাইলের একটি বিশেষ শাল। সব মিলিয়ে কানের সমাপনী দিনে এই চোখধাঁধানো রূপের মাধ্যমে ঐশ্বরিয়া রাই বচ্চন যেন বিশ্বমঞ্চে আবারও প্রমাণ করলেন—কেন তিনি ফ্যাশন সাম্রাজ্যের অবিসংবাদিত রানী এবং কেন তিনি এখনও সেরা।/টিএ

মে ২৫, ২০২৬

মানসিক অবসাদ জয় করে নতুন জীবনে রাধিকা

বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় ও সদা হাস্যোজ্জ্বল সংগীতশিল্পী শানের স্ত্রী রাধিকা মুখোপাধ্যায়ের জন্মদিন ছিল গত ২১ মে। বিশেষ এই দিনে জীবনের এক অন্ধকার অধ্যায়ের কথা ভক্তদের সামনে এনেছেন তিনি। জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করে রাধিকা জানান, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করে এসেছেন তিনি। আর এই পোস্টে তার মানসিক অবসাদ ও তা থেকে ঘুরে দাঁড়ানোর গল্পই ফুটে উঠেছে।সংগীতশিল্পী শানের সুরেলা কণ্ঠের পাশাপাশি তার মুখের মিষ্টি হাসির ভক্ত সংখ্যাও নেহায়েত কম নয়। অনুরাগীদের মতে, শানের এই হাসি তাদের ইতিবাচক শক্তি জোগায়। কিন্তু পর্দার পেছনের গল্পটা ছিল ভিন্ন। গত একটি বছর ধরে মারাত্মক মানসিক অবসাদে ভুগছিলেন গায়কের স্ত্রী রাধিকা। সম্প্রতি নিজের সেই কঠিন সময়ের অভিজ্ঞতার কথা সামাজিক মাধ্যমে খোলাখুলি শেয়ার করে নেন তিনি। একই সঙ্গে জীবনের সেই চরম সংকটে স্বামী শান কীভাবে তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, সে কথাও উল্লেখ করেন।মানসিক অবসাদকে জয় করতে গত এক বছরে নিজের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন রাধিকা। সঠিক চিকিৎসা ও থেরাপির পর বর্তমানে নিজেকে অনেক বেশি সুখী, হালকা এবং আত্মসচেতন বলে মনে করছেন তিনি। জন্মদিনের আবহে নিজের এই মানসিক পরিবর্তন ও সুস্থ হয়ে ওঠার সার্টিফিকেটকেই জীবনের সবচেয়ে বড় উপহার বলে মানছেন শানপত্নী। রাধিকা বলেন, "নিজেকে উন্নত করাই ছিল এ বছরের উপহার। আর এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে গর্বের জন্মদিন।"সামাজিক মাধ্যমের ওই পোস্টে রাধিকা জানান, তিনি নিয়মিত মনোবিদের পরামর্শ নিয়েছেন এবং নিজের মানসিক সুস্থতার একটি প্রশংসাপত্রের ছবিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ক্যাপশনে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন— "জন্মদিনের শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ। এ বছরটা আমার কাছে একদম আলাদা। এই জন্মদিনে নিজেকে আরও শক্তিশালী এবং সম্পূর্ণ মনে হচ্ছে।"রাধিকা স্পষ্ট ভাষায় জানান, তিনি যে অবসাদের মধ্য দিয়ে গেছেন তা কখনোই লুকিয়ে রাখতে চাননি। এটি তার জীবনের অন্যতম কঠিন সময় হলেও নিজের ওপর এবং চিকিৎসার ওপর তার পূর্ণ বিশ্বাস ছিল যে সুস্থ হওয়া সম্ভব। তবে এই লড়াইয়ে পরিবারের অবদান সবচেয়ে বেশি উল্লেখ করে তিনি বলেন, "আমার পরিবারের সমর্থন ছাড়া এই জয় সম্ভব হতো না। আমার স্বামী শান, সন্তান সোহম ও মাহি, আমার বাবা-মা এবং বোনেরা সবসময়ে ছায়ার মতো আমার পাশে ছিলেন।"/টিএ

মে ২৩, ২০২৬

মারা গেছেন অভিনেতা দিলু মজুমদার

দেশের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা দিলু মজুমদার আর নেই। বুধবার (২০ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে দেশের সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার ঠিক আগে দিলু মজুমদার হঠাৎ শারীরিকভাবে গুরুতর অসুস্থতা অনুভব করেন। এরপর দ্রুত তাঁকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হলেও তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। অবশেষে চিকিৎসাধীন অবস্থাতেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।বরেণ্য নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ গণমাধ্যমকে জানান, এটি ছিল একটি ম্যাসিভ হার্ট অ্যাটাক এবং তাঁর হার্ট ব্লক হয়ে গিয়েছিল। তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলেন, “দিলু মজুমদার একাধারে দুর্দান্ত অভিনেতা ও দক্ষ সংগঠক ছিলেন। চলতি মাসের প্রথম দিনও তিনি ‘রাঢ়াঙ’ নাটকের সাড়ে তিন শ তম প্রদর্শনীতে অভিনয় করেছেন। শুরু থেকে এই নাটকের প্রতিটি শো-তে তিনি ছিলেন। তাঁর এই চলে যাওয়া নাট্য অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।”নাট্য অঙ্গনে প্রায় তিন যুগের দীর্ঘ ক্যারিয়ার ছিল দিলু মজুমদারের। জনপ্রিয় নাট্যদল ‘আরণ্যক’-এর মাধ্যমে অভিনয় জীবন শুরু করে পরবর্তীতে তিনি টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনেও নিয়মিত কাজ করে পরিচিতি লাভ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, ছেলে বিদেশ থেকে দেশে ফেরার পর আগামী শুক্রবার (২২ মে) উত্তরার একটি কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।/টিএ 

মে ২১, ২০২৬

চাইলে জেলে দিতে দিতে পারেন : সালমান খান

বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খান বরাবরই অন্যায়ের বিরুদ্ধে এবং নিজের আত্মসম্মানের প্রশ্নে সোচ্চার। এবারও তার ব্যতিক্রম হলো না। মুম্বাইয়ের একটি হাসপাতালের বাইরে পাপারাজ্জিদের অতি-উৎসাহী আচরণে তীব্র ক্ষোভ ও হতাশা উগরে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিস্ফোরক বার্তা দিয়েছেন এই অভিনেতা। তারকাদের ব্যক্তিগত ও সংবেদনশীল মুহূর্তকে ক্যামেরাবন্দি করার এই প্রবণতা নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন বলিউড সুলতান।সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালের বাইরে সালমান খানকে দেখা মাত্রই তাকে ফ্রেমবন্দি করার জন্য হুমড়ি খেয়ে পড়েন পাপারাজ্জিরা। রেস্টুরেন্ট কিংবা হাসপাতালের মতো জায়গায় তারকাদের এমন ব্যক্তিগত মুহূর্তে বাধা দেওয়াকে একদমই ভালোভাবে নেননি সালমান। হাসপাতালের সেই কঠিন ও সংবেদনশীল পরিস্থিতিতে তাকে কেবলই একটি ‘কনটেন্ট’ বানিয়ে অর্থ উপার্জনের এই মানসিকতাকে ‘অমানবিক’ বলে তীব্র নিন্দা জানান তিনি।"আমি বরাবরই সংবাদমাধ্যমের পাশে দাঁড়িয়েছি এবং তাদের কাজকে সম্মান করেছি। সবসময় চেয়েছি তারা যেন নিজেদের কাজ শান্তিতে করতে পারেন।"পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্টে নিজের এই ক্ষোভের কথা জানান সালমান। তিনি স্পষ্ট করেন যে, গণমাধ্যমের প্রতি তার শ্রদ্ধা থাকলেও অন্যের দুঃখ-কষ্টকে পুঁজি করে ব্যবসা করার এই নোংরা প্রবণতা তাকে ভীষণভাবে ব্যথিত করেছে।হাসপাতালের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সংবাদমাধ্যমের একাংশের প্রতি তীব্র প্রশ্ন তুলে ভাইজান বলেন, ‘কারও জীবনের চেয়ে কি একটা ছবি বেশি গুরুত্বপূর্ণ?’ একই সাথে নিজের শক্ত অবস্থানের কথা জানান দিয়ে ৬০ বছর বয়সী এই তারকা হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘আমি ৬০ বছর বয়সে পৌঁছেছি ঠিকই, কিন্তু লড়াই করতে ভুলিনি। জেলে দিতে চাইলে দিতে পারেন।’/টিএ

মে ২০, ২০২৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo