চাপের মুখে দৃঢ়তা দেখিয়েছে বাংলাদেশ
অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে সিরিজ হারাবে বাংলাদেশ, এতটুকু ভাবতে যতটুকু অর্জন লাগে, সেটি ছিল না বাংলাদেশের। মাঠের বাইরে আশা ছিল, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। তবে, পরাক্রমশালী অসিদের বিপক্ষে ঠিকই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। শেষ ওয়ানডেতে তো অল্পের জন্য হাত ফসকেছে জয়, নইলে অসিরা হোয়াইটওয়াশ হতো।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিজেদের সামর্থ্য ও দৃঢ়তার প্রমাণ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজে বাংলাদেশ দলের মানসিকতায় লক্ষণীয় পরিবর্তন এবং গভীরতা ফুটে উঠেছে।
বিশেষ করে টাইগারদের পেস বোলিং ইউনিট প্রশংসার দাবীদার বলে জানান বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে, দল হিসেবে খেলেছে বাংলাদেশ।
মিরাজ বলেন, ‘এই সিরিজে আমরা চাপের মুখে আমাদের গভীরতা ও দৃঢ়তা দেখিয়েছি। দলের জয়ে সবাই অবদান রেখেছে। আমরা একটি দল হিসেবে খেলেছি এবং চাপের মুখে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা দেখিয়েছি।’
মিরাজ যোগ করেন, ‘আমরা তাদের (অস্ট্রেলিয়া) কাছ থেকে সমীহ পাচ্ছি। তারা আমাদের বোলার এবং ব্যাটারদের নিয়ে আলোচনা করছে। এমন পারফরম্যান্সই আমাদের উন্নতির প্রমাণ দিচ্ছে।’
মিরপুরে প্রথম ওয়ানডে বৃষ্টি আইনে ৮৬ রানে এবং দ্বিতীয়টি বৃষ্টি আইনে ৫ উইকেটে জিতে এক ম্যাচ বাকী থাকতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। এতে টানা চতুর্থ ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা।

স্পোর্টস ডেস্ক