প্রথম টি-টোয়েন্টিতে অল্পতে শেষ বাংলাদেশ
ফরম্যাট বদলের সঙ্গে সঙ্গে বদলেছে মাঠের চিত্র। ওয়ানডের সাফল্য টি-টোয়েন্টিতে টেনে আনতে পারল না বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ব্যাটিং। চট্টগ্রামে আজ বুধবার (১৭ জুন) আগে ব্যাট করে ১৯ ওভারে ১৩১ রানে অলআউট বাংলাদেশ।
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। চোটের কারণে এই ম্যাচে দলে নেই টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া তাওহিদ হৃদয়ের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন অসি বোলাররা। বাংলাদেশি ব্যাটারদের ওপর শুরু থেকেই চড়াও হন তারা।
শুরুটা অবশ্য দ্রুতগতির করে বাংলাদেশ। ২.৫ ওভারের উদ্বোধনী জুটিতে আসে ২৬ রান। ৯ বলে ১০ করে স্পেন্সার জনসনের শিকার হন তানজিদ তামিম। আরেক ওপেনার সাইফ হাসান ফেরেন ১৪ বলে ২০ রান করে, ম্যাট রেনশোর ওভারে। অধিনায়ক হিসেবে নেমে নামা হৃদয় সুবিধা করতে পারেননি। ৫ বলে ৮ রান করে বোল্ড হন অ্যাডাম জাম্পার ডেলিভারিতে।
সুবিধা করতে পারেননি সৌম্য সরকারও। ১৮ বলে ১৭ আসে তার ব্যাট থেকে। পারভেজ হোসেন ইমন ১২ বলে ১০, শামীম হোসেন ৪ বলে ১ রান যোগ করেন। ৮৪ রানে ৭ উইকেটে হারানোর পর শঙ্কা জেগেছিল ১০০ রানের আগে গুটিয়ে যাওয়ার। শেখ মেহেদীর কল্যাণে সেটি হয়নি।
২২ বলে ২৯ রানে অপরাজিত থাকেন মেহেদী। ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান এটিই।
অস্ট্রেলিয়ার পক্ষে ৪ ওভারে ১৮ রানে ৩ উইকেট নন জাম্পা। ৩ ওভারে ১৭ রানে ৩ উইকেট নেন অভিষিক্ত জোয়েল ডেভিস। ম্যাট রেনশো দুটি এবং আরেক অভিষিক্ত নিখিল চৌধুরী ও স্পেন্সার জনসন পান একটি করে উইকেট।

স্পোর্টস ডেস্ক