হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
পারল না বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা হলো হতাশাজনক। শেষ ওয়ানডেতে হারলেও দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। তবে, টি-টোয়েন্টিতে ভিন্ন চিত্র। চট্টগ্রামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ বুধবার (১৭ জুন) অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। সফরকারীরা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ১৯ ওভারে ১৩১ রানে অলআউট স্বাগতিকরা। জবাবে ১৮.২ ওভারে ৬ উইকেটে ১৩৩ রান করে অস্ট্রেলিয়া।
রান তাড়ায় শুরুতে অবশ্য উইকেট হারায় অসিরা। ১৩ রানে শরিফুল ইসলামের বলে বোল্ড হন জস ইংলিস। আরেক ওপেনার অধিনায়ক মিচেল মার্শ মুস্তাফিজুর রহমানের শিকার হওয়ার আগে ১৪ বলে ১৩ রান করেন।
তবে, আজ আবার জ্বলে ওঠেন কুপার কনোলি। ২৭ বলে ৪৭ রানের ইনিংসে ছিটকে ফেলেন বাংলাদেশকে। ৪টি চার ও ৩টি ছক্কায় সাজানো ইনিংসটি থামান আব্দুল গাফফার সাকলাইন। তাতে অবশ্য লাভ হয়নি। টিম ডেভিডের ১৬ বলে ২০ এবং নিখিল চৌধুরীর ১৩ বলে ২০ রানে ভর দিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
বাংলাদেশের পক্ষে সাকলাইন নেন ২ উইকেট। শরিফুল, মুস্তাফিজ, মেহেদী ও রিশাদ পান একটি করে উইকেট।
এর আগে ব্যাটিংয়ে শুরুটা দ্রুতগতির করে বাংলাদেশ। ২.৫ ওভারের উদ্বোধনী জুটিতে আসে ২৬ রান। ৯ বলে ১০ করে স্পেন্সার জনসনের শিকার হন তানজিদ তামিম। আরেক ওপেনার সাইফ হাসান ফেরেন ১৪ বলে ২০ রান করে, ম্যাট রেনশোর ওভারে। অধিনায়ক হিসেবে নেমে নামা হৃদয় সুবিধা করতে পারেননি। ৫ বলে ৮ রান করে বোল্ড হন অ্যাডাম জাম্পার ডেলিভারিতে।
সুবিধা করতে পারেননি সৌম্য সরকারও। ১৮ বলে ১৭ আসে তার ব্যাট থেকে। পারভেজ হোসেন ইমন ১২ বলে ১০, শামীম হোসেন ৪ বলে ১ রান যোগ করেন। ৮৪ রানে ৭ উইকেটে হারানোর পর শঙ্কা জেগেছিল ১০০ রানের আগে গুটিয়ে যাওয়ার। শেখ মেহেদীর কল্যাণে সেটি হয়নি।
২২ বলে ২৯ রানে অপরাজিত থাকেন মেহেদী। ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান এটিই।
অস্ট্রেলিয়ার পক্ষে ৪ ওভারে ১৮ রানে ৩ উইকেট নন জাম্পা। ৩ ওভারে ১৭ রানে ৩ উইকেট নেন অভিষিক্ত জোয়েল ডেভিস। ম্যাট রেনশো দুটি এবং আরেক অভিষিক্ত নিখিল চৌধুরী ও স্পেন্সার জনসন পান একটি করে উইকেট।

স্পোর্টস ডেস্ক