ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাটগ্রাম সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ২২ মে ২০২৬   আপডেট: ১৯:৪৩, ২২ মে ২০২৬
পাটগ্রাম সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে জিরো লাইনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ খুঁটি স্থাপনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরো পড়ুন:

বিজিবির তীব্র আপত্তি ও কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত অবৈধভাবে বসানো খুঁটি অপসারণ করতে বাধ্য হয়েছে বিএসএফ। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় বিজিবির রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৫১ বিজিবি’র আওতাধীন কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ সীমান্ত এলাকায় বিএসএফের একটি দল আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে জিরো লাইনে নিয়মবহির্ভূতভাবে খুঁটি স্থাপনের অপচেষ্টা চালায়। বিষয়টি স্থানীয় বাসিন্দা ও বিজিবির নজরে আসামাত্রই কলসিরমুখ বিওপির (বর্ডার আউটপোস্ট) সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তীব্র আপত্তি জানান। বিজিবির পক্ষ থেকে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানিয়ে অবিলম্বে স্থাপিত খুঁটি অপসারণের দাবি জানালে বিএসএফ সদস্যরা তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হন। পরে জিরো লাইনে বসানো খুঁটি অপসারণ করে নেন তারা।

রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, “আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ সীমান্ত এলাকায় খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছিল। বিষয়টি জানার পর বিজিবি তাৎক্ষণিকভাবে শক্ত অবস্থান গ্রহণ করে। আমাদের কড়া প্রতিবাদের কারণে বিএসএফ তাদের অবৈধ কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়।”

তিনি আরো বলেন, “বর্তমানে ওই সীমান্ত এলাকায় বিজিবি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

ঢাকা/নিয়াজ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়