নারীর হাত-পা বাঁধা উদ্ধার মরদেহ, আছে পোড়ার দাগও
ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঠাকুরগাঁওয়ের হরিপুরে হাত-পা বাঁধা ও শরীরে পোড়ার দাগসহ নাসিমা (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) সকাল ৯টার দিকে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের তন্নি দিঘির পূর্ব পাশে গড় এলাকায় রাস্তার ধারে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত নাসিমা রানীশংকৈল উপজেলার রাউতনগর গ্রামের স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহর স্ত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।
পুলিশ জানিয়েছে, ওই নারীর গলায় দড়ি পেঁচানো ছিল। ওড়না দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় দেখা গেছে। শরীরের পেছনের অংশে পোড়ার চিহ্নও দেখা গেছে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেছেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ঢাকা/হিমেল/রফিক