খুলনায় বিএনপি নেতা গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আহত সাইনুর শেখ।
খুলনার রূপসা থানা এলাকায় সাইনুর শেখ (৪৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার টিএসবি ইউনিয়নের তালতলা গ্রামে তার ওপর হামলা হয়।
খুলনার পুলিশ সুপার মোহাম্মাদ তাজুল ইসলাম জানান, আসামি গ্রেপ্তারে অনেক রাত পর্যন্ত কাজ করেছে পুলিশ। হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার করতে পারলে হামলার কারণ জানা যাবে।
আহত সাইনুর তালতলা গ্রামের মৃত আতিয়ার শেখের ছেলে। তিনি একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে সাইনুর শেখ তালতলা গ্রামের একটি চায়ের দোকানে (বেটার দোকান) অবস্থান করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা সাইনুরকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাহিনুর শেখ। সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করলে এলাকাবাসী তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজ্জাক মীর বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে রাত থেকে অভিযান শুরু হয়েছে।”
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ