পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় সেই যুবদল নেতা গ্রেপ্তার
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অভিযুক্ত আবুল কাশেম শেখ
পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেম শেখকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবদল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আতাইকুলা থানা পুলিশের টিম।
গ্রেপ্তারকৃত আবুল কাশেম শেখ পাবনার আতাইকুলা থানার আড়িয়াডাংগী গ্রামের মৃত নিজামুদ্দিন শেখের ছেলে। তিনি আর-আতাইকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রবিবার সারারাত অভিযান চালিয়েছি। একপর্যায়ে সোমবার ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এদিকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দল থেকেও বহিষ্কার করা হয়েছে আবুল কাশেমকে। রবিবার রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব এবং সাধারণ সম্পাদক বিল্লাল সরদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয় এবং তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশেমকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার প্রতিবাদে ও দোষীকে গ্রেপ্তারের দাবিতে রবিবার (১৪ জুন) অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয়রা।
ঢাকা/শাহীন/ফিরোজ