ফুটবল মানেই ব্রাজিল: মৌ রহমান
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
ফ্যাশন ডিজাইনার, মডেল ও অভিনেত্রী মৌ রহমান ক্যামেরার সামনে যতটা ব্যস্ত, ফুটবলের প্রতিও ততটাই অনুরাগী। বিশ্বকাপ বা বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলেই তার সমর্থনের কেন্দ্রবিন্দুতে থাকে ব্রাজিল।
মিউজিক ভিডিও, বিজ্ঞাপন, ফটোশুট এবং নাটকে কাজের মাধ্যমে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছেন মৌ রহমান। তবে, শোবিজের ব্যস্ততার মাঝেও খেলার প্রতি তার আগ্রহ এতটুকু কমেনি। বিশেষ করে ফুটবল এলেই বদলে যায় তার দৈনন্দিন ব্যস্ততার ছন্দ।
বিশ্বকাপ কিংবা বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রিয় দল নিয়ে তার অবস্থান একেবারেই স্পষ্ট। তিনি বলেন, “ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক আমি। ফুটবল মানেই আমার কাছে ব্রাজিল। দলটি হারলেও আমি ব্রাজিলের, জিতলেও ব্রাজিলের।”
মৌ রহমানের মতে, সমর্থন শুধু জয়ের ওপর নির্ভর করে না। একটি দলের ইতিহাস, খেলার ধরন এবং আবেগের সঙ্গে দীর্ঘদিনের এক ধরনের সম্পর্ক তৈরি হয়।
তার ভাষায়, “ফুটবলে হার-জয় থাকবেই। কিন্তু সমর্থন তো শুধু জয়ের জন্য হয় না। একটা দলের ইতিহাস, খেলার ধরন, আবেগ—সবকিছু মিলিয়েই ভালোবাসা তৈরি হয়। সেই জায়গা থেকে ব্রাজিল সবসময় আমার হৃদয়ে।”
বর্তমানে শোবিজে ব্যস্ত সময় পার করলেও ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দেখার চেষ্টা করেন বলে জানান তিনি। “শুটিং কিংবা অন্য কাজের কারণে সব ম্যাচ দেখা সম্ভব হয় না। তবে ব্রাজিলের খেলা হলে সময় বের করার চেষ্টা করি,” বলেন মৌ।
প্রিয় খেলোয়াড়ের প্রসঙ্গে তিনি ব্যক্তিকেন্দ্রিক সমর্থনের চেয়ে দলকেই বেশি গুরুত্ব দেন। তার মতে, ব্রাজিল দলে বিভিন্ন সময়ে অসংখ্য তারকা ফুটবলার খেলেছেন, তবে তার ভালোবাসার জায়গাটি মূলত দলের প্রতি।
তিনি বলেন, “ব্রাজিল দলে অনেক তারকা খেলোয়াড় এসেছে। তবে আমি সবসময় দলটাকেই বেশি গুরুত্ব দিই। কোনো একজন খেলোয়াড় নয়, ব্রাজিলের জার্সিটাই আমাকে সবচেয়ে বেশি টানে।”
মৌ রহমান মনে করেন, ফুটবল শুধু একটি খেলা নয়; এটি মানুষকে একত্রিত করে আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি করে। বিশ্বকাপ এলেই বন্ধু ও পরিবারের সঙ্গে খেলা দেখা, আলোচনা এবং উচ্ছ্বাসের মুহূর্তগুলোই সবচেয়ে বেশি উপভোগ করেন তিনি।
প্রসঙ্গত, মৌ রহমান মূলত একজন ফ্যাশন ডিজাইনার। পাশাপাশি মডেলিং ও অভিনয়েও নিয়মিত কাজ করছেন। ভবিষ্যতে অভিনয়ে আরো বেশি সময় দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
ঢাকা/জান্নাত
প্রথম টি–টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হারল বাংলাদেশ