আলজেরিয়ার বিপক্ষে কি খেলবেন মেসি-মার্টিনেজ?
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে গত ১১ জুন। কিন্তু এখনো মাঠে নামা হয়নি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। দলটির সমর্থকদের অপেক্ষার পালা শেষে মাঠে নামছে আলবিসেলেস্তেরা। যেখানে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আফ্রিকার দেশ আলজেরিয়া।
বিশ্বকাপ শুরুর আগে থেকেই চোটে ভুগছিলেন লিওনেল মেসি। চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনেও যোগ দিয়েছিলেন তিনি। তবে মেসি কতটা ফিট সেটি নিয়ে প্রশ্ন ছিল। তাই আলজেরিয়া ম্যাচের আগে অনেকের মনেই হয়ত প্রশ্ন ছিল, শুরুর একাদশে দেখা যাবে তো মেসিকে!
সেই প্রশ্নের উত্তর দিয়েছে আর্জেন্টিনার বিখ্যাত সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। তাদের প্রতিবেদনে জানিয়েছে, সম্পূর্ণ ফিট মেসিকে নিয়েই বিশ্বকাপে নামবে আর্জেন্টিনা। শুরুর একাদশেই থাকবেন দলের অধিনায়ক।
মেসির বাহিরে বড় আলোচনা ছিল গোলবারের নিচে আর্জেন্টাইনদের ভরসার হাত এমিলিয়ানো মার্টিনেজের চোট নিয়ে। ক্লাবে খেলার সময় আঙ্গুলে চোট পেয়েছিলেন তিনি। যে কারনে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচে খেলা হয়নি তার। তবে আশার কথা হলো- চোট কাটিয়ে মার্টিনেজও ফিরছেন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে।
এছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন ক্রিস্টিয়ান রোমেরো। তাকেও দেখা যাবে রক্ষণে। তবে এই ম্যাচে পাওয়া যাবে না নিকোলাস তাগলিয়াফিকোকে। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে কাফ মাংসপেশিতে চোট পাওয়ায় ছিটকে গেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক