পাটগ্রাম সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির ফাঁকা গুলি
লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার মধ্যরাত আড়াইটার দিকে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে।
শুক্রবার (২২ মে) বিকেল ৩টার দিকে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান মোবাইলে এ তথ্য জানান।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে ওই এলাকার মেইন পিলার ৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় একদল চোরাকারবারি সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।
বাংলাদেশ সীমান্তে প্রবেশে বাধা ও সতর্ক সংকেত দিলে তা অমান্য চোরাকারবারিরা বিজিবির টলহ দলের দিকে এগিয়ে আসতে থাকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও চোরাকারবারিদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে বিজিবি। গুলির শব্দে চোরাকারবারিরা দ্রুত সীমান্ত অতিক্রম করে পুনরায় ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া ছেদ করে চোরাকারবারিরা বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদের সতর্ক করে। যারা প্রবেশ করেছিল তারা ভারতীয় না বাংলাদেশি এ বিষয় জানা যায়নি। নির্দেশ অমান্য করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়া হয়েছে।
ঢাকা/সিপন/মাসুদ