ঈদে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী। সোমবার (২৫ মে) সকালে উপজেলার বনানী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনার সুজার উপজেলার নাজিরগঞ্জ গ্রামের এরশাদ আলীর ছেলে আনিসুর রহমান (৩৫) ও আনিসুরের মেয়ে আয়েশা (৪)। আহতের নাম পুষ্পা আক্তার।
বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, নিহত আনিসুর রহমান রংপুরের মাহিগঞ্জে ব্রাকের ঋণ কর্মকর্তা হিসেবে কাজ করতেন। সেই সুবাদে তিনি পরিবারসহ সেখানে থাকতেন। ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহত হন স্ত্রী। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ ও আহতকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি বলেন, নিহতদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। চিকিহাইওয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করবে।
ঢাকা/এনাম/ফিরোজ