ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড়ে হাসপাতালের ওয়ার্ড বয়কে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ২৭ মে ২০২৬   আপডেট: ১৬:৫৩, ২৭ মে ২০২৬
পঞ্চগড়ে হাসপাতালের ওয়ার্ড বয়কে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সরকার নির্ধারিত ভর্তি ফি চাওয়াকে কেন্দ্র করে ওয়ার্ড বয়কে মারধরের অভিযোগ উঠেছে জুয়েল খন্দকার নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (২৬ মে) মধ্যরাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জুয়েল খন্দকার উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি তার দাদি আনোয়ারা বেগমকে (৬২) চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত সোয়া ১২টার দিকে আনোয়ারা বেগম নামে এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আবু নোমান মো. ইফতেখারুল তৌহিদ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিকেলে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেন। এ সময় ভর্তি ফি নিয়ে হাসপাতালের ওয়ার্ড বয় রশিদুল ইসলামের সঙ্গে রোগীর স্বজনদের বাকবিতণ্ডা শুরু হয়। পরে সেখানে উপস্থিত হয়ে জুয়েল খন্দকার ওয়ার্ড বয়ের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করেন বলে অভিযোগ।

ভুক্তভোগী ওয়ার্ড বয় রশিদুল ইসলাম বলেন, “আনোয়ারা বেগম নামে এক রোগীকে হাসপাতালে আনার পর দায়িত্বরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেন। পরে সরকার নির্ধারিত ভর্তি ফি বাবদ ১০ টাকা চাইলে রোগীর স্বজনরা ক্ষুব্ধ হন। এ সময় জুয়েল খন্দকার নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে গালাগালি করেন এবং আমাকে কিলঘুষি মারেন।”

অভিযোগের বিষয়ে জুয়েল খন্দকার বলেন, “পারস্পরিক ভুল বুঝাবুঝি ছিল। ঘটনা শুনে ছাত্রদলের উপজেলা আহ্বায়ক সুমন ভাই রাতেই হাসপাতালে এসে বিষয়টি মিটমাট করে দেন।”

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আবু নোমান মো. ইফতেখারুল তৌহিদ বলেন, “গত রাতে আনোয়ারা বেগম রক্তচাপ ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। এ সময় আগে থেকে জরুরি বিভাগে আরো তিনজন রোগী থাকলেও তাকেই চিকিৎসা প্রদান করা হয়। প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলেও রোগীর অবস্থা আশঙ্কাজনক থাকায় রংপুরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু রোগীর স্বজনদের আগ্রহ না থাকায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর জরুরি বিভাগের বাইরে হঠাৎ করেই চিল্লাপাল্লা শুনে বের হই। পরে বিষয়টি জানার পর উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।”

দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা ডা. আফরোজা বেগম রিনা বলেন, “সকালে ঘটনাটি ডাক্তার নোমান আমাকে জানিয়েছেন। স্থানীয়ভাবে বিষয়টি মিটমাট হওয়ার কথা বলায় আমি আর কোনো পদক্ষেপ নেইনি।”

দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন বলেন, “এ ঘটনায় রাতেই দুই পক্ষের সঙ্গে কথা হয়েছে। রোগীর স্বজনরা ভুক্তভোগী ওয়ার্ড বয়ের কাছে দুঃখ প্রকাশ করেছেন। আমরাও সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে জুয়েলের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।”

ঢাকা/নাঈম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়