ডেপুটি গভর্নরের সঙ্গে বৈঠক, ৭ দফা দাবি ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমদের সঙ্গে বৈঠক করে ৭ দফা দাবি দিয়েছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সংগঠনটির পক্ষ থেকে পাঠানো সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (১৭ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তিতে এটি সঠিক নয় বলে জানান তারা। বাংলাদেশ ব্যাংকও পৃথক এক বার্তায় বুধবার ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সঙ্গে গভর্নরের বৈঠক হয়নি বলে জানায়।
সন্ধ্যার পর পাঠানো নতুন বিজ্ঞপ্তিতে ফোরাম জানায়, সকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমদের সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। ফোরামের আহ্বায়ক নুর উন নবী ও সদস্যসচিব মুতাছিম বিল্লাহসহ প্রতিনিধিদলের সদস্যরা এতে অংশ নেন।
ফোরামের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে সাতটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— অংশীজনদের মতামতের ভিত্তিতে পেশাদার ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন, ২০১৭ সালে হারানো মালিকানা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া, এস আলমসহ অভিযুক্তদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, ব্যাংকিং খাতে স্থিতিশীলতা নিশ্চিত করা, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার, ব্যাংক কোম্পানি আইন সংশোধনের মাধ্যমে লুটপাটে জড়িতদের পরিচালক পদে অযোগ্য ঘোষণা এবং ইসলামী ব্যাংক নিয়ে জাতীয় সংসদে দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহার।
ফোরামের নেতারা আশা প্রকাশ করেছেন, তাদের উত্থাপিত দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
ঢাকা/তুহিন//
প্রথম টি–টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হারল বাংলাদেশ