ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় গোলাগুলির ২ দিন পর নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ১৭ জুন ২০২৬  
ব্রাহ্মণবাড়িয়ায় গোলাগুলির ২ দিন পর নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তার ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের (২৮) লাশ দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ।

আরো পড়ুন:

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় নরসিংদীর করিমপুর এলাকায় মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। রিফাতের বোন মুক্তা বেগম লাশটি শনাক্ত করেন। আজ বুধবার (১৭ জুন) দুপুরে লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাসপাড়ায় রবিবার (১৪ জুন) গোলাগুলির ঘটনায় কনিকা রাণী দাস (৩৫) এবং রিফাত (২৮) আহত হয়। এরপর থেকে রিফাত নিখোঁজ ছিলেন।

বোন মুক্তা বেগম অভিযোগ করেন, তার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। লাশে একাধিক গুলির চিহ্ন রয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামত দেখা গেছে। এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি। 

নিহত রিফাতের স্ত্রী ও তিন মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। 

স্থানীয়দের তথ্য অনুযায়ী, এলাকায় আধিপত্য বিস্তার, মাদক নিয়ন্ত্রণ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সলিমগঞ্জে কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে হামলা ও গোলাগুলির ঘটনা ঘটতে পারে।

নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, নরসিংদীতে রিফাতের লাশ উদ্ধারের বিষয়টি শুনেছেন। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। নিহতের পরিবার মামলা করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরো বলেন, যেহেতু লাশটি নরসিংদীতে উদ্ধার হয়েছে, সেখানেও মামলা করার সুযোগ রয়েছে।

ঢাকা/পলাশ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়