অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হার, দ্বিতীয় ম্যাচে হোঁচট বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও দ্বিতীয় ম্যাচে এসে বড় ধাক্কা খেল বাংলাদেশ নারী দল। লিডসে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৭৭ রানে গুটিয়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল। জবাবে ৯.৩ ওভারে ১ উইকেট হারিয়েই লক্ষ্য ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া।
ম্যাচের নায়িকা ছিলেন এলিসে পেরি। বল হাতে ১৪ রান খরচায় ২ উইকেট শিকার করার পর ব্যাট হাতে ১৫ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন তিনি।
বাংলাদেশের ব্যাটিং ছিল পুরোপুরি হতাশাজনক। দলের হয়ে কেবল দুই ব্যাটার দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪৭ বলে সর্বোচ্চ ২৭ রান করেন। রিতু মনি ২৬ বলে যোগ করেন ১৬ রান। আগের ম্যাচে ফিফটি করা জুয়ায়রিয়া এবার থামেন ৮ রানে। আর দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার ফিরেছেন কোনো রান না করেই।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে কিম গ্রাথ, সোফি মোলিনেক্স এবং এলিসে পেরি দুটি করে উইকেট নেন।
মাত্র ৭৮ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া। জর্জিয়া ভলির ঝড়ো ইনিংসে দ্রুতই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা। ৬ চার ও ১ ছক্কায় ৩২ বলে ৪৫ রান করেন তিনি। বেথ মুনি ১০ বলে করেন ১০ রান।
বাংলাদেশের হয়ে একমাত্র সাফল্য এনে দেন মারুফা আক্তার। ডানহাতি এই পেসারের বলে রিতু মনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন বেথ মুনি।
দ্বিতীয় ম্যাচে হারের পর বাংলাদেশের সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। জ্যোতিদের পরবর্তী ম্যাচ ২০ জুন, সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে।
ঢাকা/ইয়াসিন
প্রথম টি–টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হারল বাংলাদেশ