ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় বজ্রপাতে চার নারীসহ আহত ৫

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ২ জুন ২০২৬  
গাইবান্ধায় বজ্রপাতে চার নারীসহ আহত ৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কয়েকটি স্থানে মঙ্গলবার (২ জুন) বিকেলে বজ্রপাতে চার নারীসহ পাঁচজন আহত হয়েছেন। 

আহতরা হলেন— উপজেলার দহবন্দ ইউনিয়নের মৃত বাবর আলীর ছেলে আতোয়ার রহমান (৫০), একই ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি গ্রামের আয়নাল হকের স্ত্রী মোছা. জয়নব বেগম (৪৫), রামজীবন ইউনিয়নের সুবর্ণদহ গ্রামের নুরুন্নবী মিয়ার স্ত্রী মোছা. নুরিনা বেগম (২৫), জরমনদী গ্রামের জয় কৃষ্ণের স্ত্রী উষা রানী (৫০) এবং সুন্দরগঞ্জ পৌরসভার মুরাদ মিয়ার স্ত্রী মোছা. সোনালী বেগম (২৫)।

স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিনের টানা তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর মঙ্গলবার বিকেলের দিকে হঠাৎ করেই সুন্দরগঞ্জ উপজেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হয়। সেইসঙ্গে ঘন ঘন বজ্রপাত হতে থাকে। বজ্রপাতের বিকট শব্দ ও ঝড়ো বৃষ্টিতে মুহূর্তেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বজ্রপাতে আহতদের দ্রুত উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন তাদের স্বজন ও এলাকাবাসী। 

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক জানিয়েছেন, বজ্রপাতে আহত হয়ে চার নারীসহ মোট পাঁচজন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে চারজন  চিকিৎসাধীন আছেন। তাদের জ্ঞান ফিরেছে। তবে, তাদেরকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। পর্যবেক্ষণ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধা ও রংপুর অঞ্চলে আগামী ৪ জুন থেকে ৯ জুন পর্যন্ত ভারী বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের রংপুর কার্যালয়ের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজার রহমান।

তিনি বলেছেন, “বজ্রপাতের সময় জনসাধারণকে ঘরের ভিতরে অবস্থান করতে হবে। বজ্রপাতের পর ৩০ মিনিট পর্যন্ত ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”

ঢাকা/মাসুম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়