স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়ে দ্বিগুণ
আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ০১ শতাংশ।
গত ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা, যা ছিল জিডিপির ০ দশমিক ৫৮ শতাংশ। তুলনামূলকভাবে এবার এ খাতে বরাদ্দ প্রায় দ্বিগুণ হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, স্বাস্থ্যবান জাতি গঠন টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের পূর্বশর্ত।
অর্থমন্ত্রী বলেন, অতীতে স্বাস্থ্য খাতে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ ও উপকরণ ক্রয়ে বিপুল ব্যয় হলেও সেবার মানে কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। বর্তমানে দেশের হাসপাতালগুলো অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছে এবং অনেক মানুষ মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা বাড়ায় দেশ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বেরিয়ে যাচ্ছে।
সরকারের নীতিগত অগ্রাধিকারের মধ্যে আছে সর্বজনীন ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, চিকিৎসাকেন্দ্রিক ব্যবস্থার পরিবর্তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার করা, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, মাতৃ ও শিশুস্বাস্থ্য, পুষ্টি ও টিকাদান কর্মসূচি শক্তিশালী করা এবং স্বাস্থ্য প্রযুক্তি ও চিকিৎসা শিল্পের বিকাশ ঘটানো।
ঢাকা/এমএসবি/রফিক
প্রথম টি–টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হারল বাংলাদেশ