আজ থেকে সাতক্ষীরায় হিমসাগর আম সংগ্রহ ও বাজারজাত শুরু
প্রশাসনের ঘোষিত আম ক্যালেন্ডার অনুযায়ী আজ শুক্রবার থেকে বাজারে উঠেছে সাতক্ষীরার জনপ্রিয় সুস্বাদু হিমসাগর আম। জেলার আমচাষীরা আজ সকাল থেকে গাছ থেকে হিমসাগর আম সংগ্রহ শুরু করেছেন।
শহরের কুখরালী এলাকার আমচাষী হাফিজুল ইসলাম খোকার বাগান থেকে ইংল্যান্ড ও ইতালিতে যাচ্ছে এবারও হিমসাগর আম। তিনি জানান, আজ তার বাগান থেকে চার টন হিমসাগর আম বিদেশে রপ্তানি হচ্ছে। তিনি প্রতি মণ আম তিন হাজার টাকায় বিক্রি করেছেন।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, হিমসাগর আম এখন পরিপক্ব হওয়ায় আজ থেকে চাষীরা তা বাজারজাত করতে পারবেন। এছাড়া আগামী ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্প্রপালি আম বাজারজাত করা যাবে।
তিনি আরও জানান, এর আগে গত ৫ মে গোবিন্দভোগ ও গোপালভোগ আম সংগ্রহের মাধ্যমে জেলার আম বাজারজাত কার্যক্রম শুরু হয়। এ বছর জেলায় ৭০ হাজার ৯০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির আশা করা হচ্ছে।
এদিকে শহরের সুলতানপুর বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে প্রতি মণ হিমসাগর আম ১ হাজার ৫০০ থেকে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর আমের দাম কিছুটা কম। বাজারে আমের সরবরাহ বেশি হলেও ক্রেতা তুলনামূলক কম।
বিভি/এজেড



মন্তব্য করুন: