নবম পে স্কেল
১ জুলাই থেকে সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের কোন গ্রেডে কত বেতন হবে?
আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকরের পরিকল্পনা করছে সরকার। প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মূল বেতন (বেসিক) সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। একই সুবিধা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ১ম থেকে ৯ম গ্রেডের সরকারি কর্মীরা ১০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মীরা ১৫ শতাংশ বিশেষ সুবিধা পাচ্ছেন। তবে নতুন পে স্কেল চালু হলে এই বিশেষ সুবিধা বাতিল করা হবে।
পে কমিশনের সুপারিশ অনুযায়ী, নতুন বেতন কাঠামোয় চতুর্থ গ্রেডভুক্ত এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের মূল বেতন ৫০ হাজার টাকা থেকে বেড়ে ৭৫ হাজার টাকা হতে পারে।
এ ছাড়া ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৫৩ হাজার ২৫০ টাকা, সপ্তম গ্রেডের উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের ২৯ হাজার টাকা থেকে বেড়ে ৪৩ হাজার ৫০০ টাকা এবং নবম গ্রেডের প্রভাষকদের ২২ হাজার টাকা থেকে বেড়ে ৩৩ হাজার টাকা হওয়ার প্রস্তাব রয়েছে।
অন্যদিকে, দশম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষকদের মূল বেতন ১৬ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা হতে পারে।
তবে নতুন পে স্কেল কার্যকর হলে বর্তমানে পাওয়া ১০ ও ১৫ শতাংশ বিশেষ সুবিধা আর বহাল থাকবে না। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কাঠামো বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবী ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আয় কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে।
বিভি/এজেড



মন্তব্য করুন: